শান্ত-মোসাদ্দেকদের ধরে রেখে সৌম্য-জাকেরদের দলে নিল চ্যাম্পিয়ন আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরের জন্য জুতসই স্কোয়াড গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শনিবার দলবদলের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে আকাশী-নীলরা। শিরোপা ধরে রাখার মিশনে এবারও তারা আস্থা রেখেছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্লাবের অভিজ্ঞ তারকা মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর।

চ্যাম্পিয়নরা তাদের গতবারের স্কোয়াড থেকে ৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। শান্ত ও মোসাদ্দেক ছাড়াও এই তালিকায় আছেন জিশান আলম, মেহেরব আহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন ও মেহেদী হাসান।

পুরনোদের ধরে রাখার পাশাপাশি এবার বেশ কিছু বড় নাম দলে ভিড়িয়েছে আবাহনী। নতুন করে তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক। এছাড়া পেস আক্রমণে তারা শক্তি বাড়িয়েছে জাতীয় দলের খালেদ আহমেদকে দিয়ে। হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান রুম্মানও এবার খেলবেন আকাশী-নীল জার্সিতে।

ধরে রেখেছে:

নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জিশান আলম, মেহেরব আহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন ও মেহেদী হাসান।

নতুন দলে নিয়েছে:

সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান রুম্মান, সাব্বির হোসেন, অনিক সরকার, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা ও বর্ষণ।