উত্তাল সেঞ্চুরির পথে কেবল একটি ডট খেলে বাবরের রেকর্ড
লাফিয়ে ওঠা, বুনো গর্জন আর বাতাসে সজোরে ঘুষি— ব্যাট হাতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর তৃপ্তিটা বাবর আজমের উদযাপনেই স্পষ্ট ছিল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে রোববার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ইনিংসের শেষ বলে যখন তিনি সেঞ্চুরি পূর্ণ করলেন, তা ছিল ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোর মুহূর্ত।
করাচিতে পেশোয়ার জালমির হয়ে খেলতে নেমে বাবর বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী দেখান। মাত্র ৫২ বলে অপরাজিত ১০০ রান করার পথে পাকিস্তানের এই তারকা ব্যাটার মারেন ছয়টি চার ও চারটি ছক্কা। বাবরের এই টর্নেডো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়ে পেশোয়ার। জবাবে কোনো লড়াই জমাতে না পেরে ১১ বল আগে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় কোয়েটা। ফলে ১১৮ রানের বিশাল জয় পায় বাবরের দল।
বাবরের ইনিংসটির সবচেয়ে অবিশ্বাস্য পরিসংখ্যানটি হলো তার খেলা ডট বলের সংখ্যা। ৫২ বল মোকাবিলা করে মাত্র একটি বল থেকে রান নিতে ব্যর্থ হন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো ব্যাটার ৫০-এর বেশি বল খেলে মাত্র একটি ডট দেওয়ার নজির গড়তে পারেননি। অর্থাৎ বাবরই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য রেকর্ডের মালিক হলেন।
শতকের জন্য বাবরকে অপেক্ষা করতে হয় পেশোয়ারের ইনিংসের একদম শেষ বল পর্যন্ত। ৯৮ রানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোয়েটার আলজারি জোসেফের করা বলটি লং-অনে ঠেলে দিয়েই রানের জন্য ছোটেন তিনি। ডাইভ দিয়ে দ্বিতীয় রান পূর্ণ করে শুয়ে থাকেন কিছুক্ষণ। টি-টোয়েন্টিতে দীর্ঘ ৬৭ ইনিংস পর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের স্বাদ নেন তিনি। এর আগে ২০২৪ সালের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৬৩ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
বাবরের ব্যাটিংয়ে ছিল অসাধারণ নিয়ন্ত্রণের ছাপ। ৫২ বলের ইনিংসে তিনি দৌড়ে রান নেন ৪১টি বলেই। এর মধ্যে একবার তিন রান, নয়বার ডাবল এবং ৩১ বার সিঙ্গেল তিনি। অর্থাৎ বাউন্ডারিসহ ৫১টি বল থেকেই কোনো না কোনোভাবে রান বের করেন এই ডানহাতি ব্যাটার। তার একমাত্র ডট বলটি ছিল ১৪তম ওভারের শেষ ডেলিভারি। আলজারির ঘণ্টায় ১৪৬.৭ কিলোমিটার গতির সেই বাউন্সারটিই কেবল বাবর ছেড়ে দিয়েছিলেন।
টি-টোয়েন্টিতে দ্বাদশ সেঞ্চুরির দেখা পেতে বাবরকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৭৮৩ দিন বা দুই বছরের বেশি সময়। তবে এই খরা শেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তিনি ভেঙে দিলেন দুই কিংবদন্তি বিরাট কোহলি আর ক্রিস গেইলের রেকর্ডও।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। এই পর্যায়ে পৌঁছাতে তার লেগেছে ৩৩৮টি ইনিংস। সেখানে ওয়েস্ট ইন্ডিজের গেইলের লেগেছিল ৩৪৪ ইনিংস এবং ভারতের কোহলির ৩৬০ ইনিংস। দুই মহাতারকাকে পেছনে ফেলে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম ১২ হাজার রান স্পর্শের তালিকার চূড়ায় এখন তাই বাবর।