জুনেই বিসিবি নির্বাচন চায় তামিমের নেতৃত্বাধীন কমিটি
বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক অস্থিরতার পর এবার স্থিতিশীলতার পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে বোর্ড। নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নেতৃত্ব দিচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
গত ৭ এপ্রিল নানা অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের বোর্ড। একই দিনে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি, যার সভাপতির দায়িত্ব পান তামিম। তখনই নির্দেশ দেওয়া হয়েছিল, তিন মাসের মধ্যে, অর্থাৎ ৬ জুলাইয়ের মধ্যে, নির্বাচন সম্পন্ন করতে হবে।
তবে নির্ধারিত সময়ের আগেই সেই প্রক্রিয়া শেষ করতে চায় বর্তমান কমিটি। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, 'আমরা নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। যদি কোনো জটিলতা না থাকে, তাহলে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন করতে চাই।'
তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের আগে নির্বাচন কমিশন গঠনসহ কয়েকটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। শুরুতেই তামিম বলেছিলেন, অ্যাডহক কমিটির সদস্যরা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কমিটি। দ্বিতীয় বোর্ড সভায় জাতীয় দলের বাইরে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নারী জাতীয় দলের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক অচলাবস্থা কাটিয়ে আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। খেলোয়াড় বদল প্রক্রিয়া শেষ হওয়ার পর মে মাসের শুরুতেই লিগটি পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড সাদা বলের সিরিজেও কিছু পরিবর্তন এনেছে বোর্ড। স্টেডিয়ামের খাবারের দামে সীমা নির্ধারণ এবং বল বয়ের পুনঃপ্রবর্তনের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তীব্র গরমের কারণে আপাতত বল বয় শুধুমাত্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই রাখা হবে, যা ওয়ানডে সিরিজের পর শুরু হবে।