শান্তর চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি, বড় পুঁজির পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ওয়ানডেতে রান খরা কাটিয়ে গত ম্যাচে নাজমুল হোসেন শান্ত করেছিলেন ফিফটি, সেই ছন্দ টেনে আনলেন আবারও। বাঁহাতি ব্যাটার এবার স্পর্শ করলেন তিন অঙ্ক। ওয়ানডেতে আরেকটি সেঞ্চুরির দেখা পেলেন ২০ ইনিংস পর। 

৯ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে এসে প্রথম বলেই একটু নড়বড়ে ছিলেন শান্ত। এরপর পুরোটা সময় তাকে মনে হয়েছে সাবলীল, খেলেছেন দাপট দেখিয়ে। ১১৪ বলে তুলে নেন শতক। 

সেঞ্চুরির পথে তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে প্রথমে ৩৮ বলে ২৩ রান যোগ করার পর লিটন দাসের সঙ্গে পান বড় জুটি। দুজনে মিলে যোগ করেন ১৬০ রান (লিটন করেন ৭৬), যাতে শান্তর অবদান ৮২ রান। 

শান্তর সেঞ্চুরির সমম্য ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ২০৮ রান। সেঞ্চুরির খানিক পরই অবশ্য আউট হয়ে যান তিনি। লিনক্সে বলে লং অন দিয়ে উড়াতে গিয়ে ক্যাচ দেন। ১১৯ বলে ১০৫ রান করে থামে তার ইনিংস।