বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক

শেষ পর্যন্ত সত্যি হলো শঙ্কা। অবিরাম বর্ষণের কারণে পরিত্যক্ত ঘোষণা করা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আম্পায়াররা।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় টসই হতে পারেনি। বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দল অবশ্য মাঠে আসে সময়মতো। কিন্তু বিরূপ আবহাওয়ায় ড্রেসিং রুমের বাইরে বের হওয়ার সুযোগ হয়নি তাদের।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সকাল থেকে চট্টগ্রামে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এরপর দুপুর ১২টার দিকে শহরজুড়ে ভারী বর্ষণ শুরু হয়। থামার কোনো লক্ষণ না থাকায় আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। যদিও খেলা চালু করার সিদ্ধান্ত নিতে বিকাল ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময় ছিল, তবে বিকাল চারটা ১৫ মিনিটেই জানিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্ত।

বৃষ্টির মাঝেও মাঠে প্রবেশ করেছিলেন বেশ কিছু দর্শক। কেউ ছাতা মাথায়, আবার কেউ ভিজেই অপেক্ষা করছিলেন খেলা শুরুর। কিন্তু তাদের আশা পূরণ হয়নি। একটি বলও মাঠে গড়াতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছেন, তারা টাকা ফেরত পাবেন।

আগের দিনও চট্টগ্রামে বৃষ্টি হয়েছিল। এতে শহরে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। নিউজিল্যান্ডের ঐচ্ছিক অনুশীলন সরিয়ে নেওয়া হয় ইনডোরে। স্বাগতিক বাংলাদেশ অবশ্য অনুশীলন করেনি।

একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ম্যাচসেরা হওয়া তাওহিদ হৃদয় ২৭ বলে অপরাজিত ৫১, পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৮ ও শামীম হোসেন পাটোয়ারী মাত্র ১৩ বলে করেছিলেন অপরাজিত ৩১ রান।

সিরিজ নির্ধারণী লড়াই তাই অনুষ্ঠিত হবে মিরপুরে। শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী শনিবার।