বৃষ্টির পর ১৫ ওভারের ম্যাচ
প্রায় দুই ঘণ্টার অনাকাঙ্ক্ষিত বৃষ্টির বিরতি শেষে আবারও মাঠে গড়িয়েছে খেলা। আম্পায়ারদের মাঠ পরিদর্শনের পর বিকেল সাড়ে ৪টায় পুনরায় ম্যাচটি শুরু হয়। তবে দীর্ঘ সময় নষ্ট হওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য ৫ ওভার কমিয়ে ১৫ ওভারে নির্ধারণ করা হয়েছে।
এর আগে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছিল। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য মোটেও আশাব্যঞ্জক ছিল না। বেলা ২টা ৩৭ মিনিটে ৬.৪ ওভার খেলা হওয়ার পর যখন বৃষ্টি শুরু হয়, তখন স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫০ রান।
এর মাঝে মাত্র ৩৫ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে দল। দলীয় ২১ রানে জেইডন লেনক্সের শিকার হয়ে ১৬ রান করে প্রথম বিদায় নেন সাইফ হাসান। স্কোরবোর্ডে আর ১৪ রান যোগ হতেই নাথান স্মিথের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসানও (৬ রান)। বড় ধাক্কাটা আসে ঠিক পরের বলেই; স্মিথের বলে ইশ সোধির হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হোসেন ইমন।
দ্রুত ৩ উইকেট হারিয়ে দল যখন চরম চাপে, তখন একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। সাবলীল ব্যাটিংয়ে তিনি বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩টি চার ও ১টি ছক্কায় ২৫ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে ২ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিচ্ছিলেন তাওহিদ হৃদয়।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল। তবে প্রথম ম্যাচটি জিতে নিয়ে এই সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।