নির্বাচনের পথে বিসিবি: গঠিত হচ্ছে কমিশন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি অ্যাড-হক কমিটির তৃতীয় সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই কমিশনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুইজন সদস্য থাকবেন। নির্বাচনের প্রথম ধাপ হিসেবে শীঘ্রই গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে নোটিশ জারি করা হবে।
একই সভায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার বর্তমান অ্যাড-হক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী দুই বছরের জন্য বিসিবির অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে 'কোকা-কোলা বাংলাদেশ'-এর সঙ্গে চুক্তি অনুমোদন করেছে বোর্ড।