বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে নেই স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সফরে তিন সেরা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে  বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতি একঝাঁক নতুন প্রতিভার জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছে তারা। 

তরুণ ব্যাটিং তারকা অলিভার পিকে এবং উদীয়মান অলরাউন্ডার লিয়াম স্কট প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

আগামী ১৭ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নিয়েছেন জোয়েল ডেভিসও। তবে এই সিরিজে নেই গ্লেন ম্যাক্সওয়েল। 

ম্যাক্সওয়েল এই সময়ে মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে যুক্তরাষ্ট্রে থাকবেন। সেখানে তিনি ওয়াশিংটন ফ্রিডমের হয়ে স্টিভ স্মিথের সঙ্গে খেলবেন। স্মিথও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি, যদিও এ বছরের শুরুতে তিনি বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন।

নতুন চেহারার এই টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস ম্যাথু শর্ট। 

বাংলাদেশে আসার আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া দল। নিয়মিয় ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক পাকিস্তান বা বাংলাদেশ—কোনো সফরের দলেই নেই। আইপিএলের চোট কাটিয়ে ফেরার পর এই পেস ত্রয়ী এখন আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য নিজেদের রেড-বল ওয়ার্কলোড বাড়ানোর দিকে মনোযোগ দেবেন।

আইপিএল প্লে-অফে ব্যস্ত থাকা ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করবেন। 

আইপিএল শেষে ট্রাভিস হেড, কুপার কনলি, জাভিয়ার বার্টলেট এবং বেন ডোয়ারশুইস বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের আগে দলে যোগ দেবেন।

দীর্ঘ আইপিএল মৌসুম এবং ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের সুযোগ করে দিয়েছে নির্বাচকরা। তিন সংস্করণ মিলিয়ে মোট ২৪ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে।

অলিভার পিকে বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলে নজর কেড়েছেন। ১৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে জোড়া সেঞ্চুরিও করেছেন।

অন্যদিকে, ২৫ বছর বয়সী লিয়াম স্কট গত মৌসুমে শেফিল্ড শিল্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।

পেসারদের মধ্যে স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ এবং বিলি স্ট্যানলেক দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত। ইনজুরি কাটিয়ে ফেরা স্ট্যানলেক ২০১৯ সালের পর এই প্রথম জাতীয় দলের রাডারে এলেন।

জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেছেন, 'নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়াটা সব সময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ এবং নতুনদের সংমিশ্রণ এই উপমহাদেশীয় সফরে দারুণ ভারসাম্য তৈরি করবে।'

৯ জুন থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১১ ও ১৪ জুন হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ১৭ ও ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। 

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস ল্যাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ, অ্যাডাম জাম্পা।