প্রবল বৃষ্টির পর মিরপুরে কড়া রোদ, আলো থাকলে লম্বা হবে শেষ সেশন
লাঞ্চ বিরতিতে নামা তুমুল বৃষ্টি চলল ঘন্টা দুয়েক, বৃষ্টির মাত্রা এতটাই বেশি ছিলো যে খেলা হওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত হতে সময় লাগল না। দুপুরের ঘোর বর্ষণ পার করে কড়া রোদের দেখা মিলেছে। শেষ সেশনে আলো থাকলে ৩৭ ওভার খেলার পরিকল্পনা করছেন আম্পায়াররা।
দুপুর ১২টায় লাঞ্চ বিরতিতে যায় দুই দল। তখনই ঘন কালো মেঘে ঢাকা ছিলো আকাশ। লাঞ্চ বিরতির ৪০ মিনিট পর আর মাঠে নামার অবস্থা আসেনি, তখন তুমুল বেগে চলছিলো বৃষ্টি।
দুপুর ২টা ৩৫ মিনিটে বৃষ্টি পুরোপুরি থামার পর মাঠ প্রস্তুত করতে শুরু করেন মাঠকর্মীরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ড্রেনেজ সিষ্টেম থাকায় পানি নেমে যায় দ্রুত। রোদও উঠে যাওয়ায় মাঠ প্রস্তুত করতে বেগ পেতে হয়নি।
বিকেল সাড়ে ৩টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর সময় ঘোষণা দেন। আম্পায়ারা জানান আলো থাকলে ৩টা ৪৫ মিনিট থেকে অন্তত ৬টা ১৫ মিনিট পর্যন্ত খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। দিনের খেলার বাকি ধরা হয়েছে ৩৭ ওভার।
বৃষ্টি বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান তুলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিডের সঙ্গে ৯৩ যোগ করে ১২০ রানে এগিয়ে স্বাগতিকরা। ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে ভরসা দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।