টাইগারদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

আগামী জুন-জুলাইয়ে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার এই সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।

সফরের শুরুতেই অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আগামী ২৮ জুন থেকে হারারে স্পোর্টস ক্লাবে লাল বলের লড়াই মাঠে গড়াবে। টেস্ট শেষে একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এরপর ৯ জুলাই দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই সেন্ট্রাল আফ্রিকা টাইম বা স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে কুইন্স স্পোর্টস ক্লাবে, যেখানে অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৫ জুলাই। এরপর একদিন করে বিরতি দিয়ে ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯শ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সেন্ট্রাল আফ্রিকা টাইম অনুযায়ী দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।

সবশেষ ২০২৫ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ শেষ হয় ১-১ সমতায়। প্রথম টেস্টে তিন উইকেটের স্মরণীয় জয়ে চার বছর পর টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।