প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পেল বাংলাদেশ, একাদশে নেই রিশাদ

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশে রাখেনি লেগ স্পিনার রিশাদ হোসেনকে। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ একদশে অনুমিতভাবেই ফিরেছেন সাড়ে তিন বছর পর স্কোয়াডে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। তিন পেসারের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তানভীর সর্বশেষ ওয়ানডেও খেলেছিলেন, সেখানে তিনি ছিলেন খরুচে। 

অন্যদিকে রিশাদ হোসেন তার চেনা ছন্দে তাই। ওয়ানডেতে তার আরও উন্নতি করার দরকার দেখছেন মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা বাঁহাতি ওপেনার সৌম্য সরকার এই ম্যাচে একাদশে নেই। মিরাজ আগে বলেছিলেন সবাইকেই পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে, তবে একাদশে এসে দুই ম্যাচ পরই আবার জায়গা হারালেন সৌম্য। 

সফররত অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার লিয়াম স্কটের। দলটি বিশেষজ্ঞ দুই পেসারের সঙ্গে দুজন পেস অলরাউন্ডার ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে খেলাচ্ছে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম,  তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনলি, জশ ইংলিস, মারনাশ লাবুশানে, আলেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জেভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা।