জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে নেই মিরাজ, নতুন মুখ রবিউল

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট দলে বেশ কয়েকটি বদল এনেছেন নির্বাচকরা। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে বিশ্রাম। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার রবিউল হক। টেস্ট দলে রাখা হয়েছে তাওহিদ হৃদয়কেও।

আগামী ২৮ জুন হারারেতে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে হওয়ায় এই টেস্টে অনুমিতভাবে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকেও।

চোট কাটিয়ে দলে ফিরেছেন কাউন্টি খেলতে যাওয়া হাসান মাহমুদ। আগের সিরিজে বাদ পড়া খালেদ আহমেদকেও ফেরানো হয়েছে দলে।

বড় চমক মিরাজের না থাকা। অফ স্পিনিং এই অলরাউন্ডারকে জিম্বাবুয়ে টেস্টে বিশ্রামে রাখার কথা জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, ‘আমাদের নাঈম হাসান আছেন, যিনি সুযোগ কম পান। এই সিরিজে তাঁকে সুযোগ দিতে চাই। মিরাজের সঙ্গে আমরা কথা বলেছি, সেও বিশ্রাম নিতে রাজি হয়েছে।’

এর বাইরে বড় চমক হিসেবে এসেছেন মিডিয়াম পেসার রবিউল হক। প্রধান নির্বাচক অবশ্য তাকে পেস অলরাউন্ডার হিসেবে ‘আখ্যা’ দিয়েছেন।

প্রথম শ্রেণিতে ৩২ ম্যাচ খেলে ২০.৯০ গড়ে ১০৭ উইকেট নিয়েছেন রবিউল। তবে ব্যাট হাতে তার রেকর্ড সমৃদ্ধ নয়। ২০.৭৫ গড়ে স্রেফ ৬০২ রান তার। আছে দুটি ফিফটি।

২০২৪ সালে শ্রীলঙ্কা সফরে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয়কে টেস্ট দলে আবার রাখা হয়েছে। সেবার টেস্ট অভিষেক না হওয়া হৃদয়কে লাল বলে বাজিয়ে দেখতে চান নির্বাচকরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে মূল ব্যাটারদের সবাই আছেন স্কোয়াডে। হৃদয়ের সুযোগ পাওয়া তাই কঠিন।

টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।