পরেরবার দেখা হলে অ্যান্ডারসনের পরামর্শ নেবেন হাসান

ক্রীড়া প্রতিবেদক

কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে খেলতে গিয়ে স্বপ্নের মতো এক অভিষেক উপহার দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। অভিষেক ম্যাচেই ৯ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কেন্টের জার্সিতে এমন দারুণ শুরুর ম্যাচে মাঠেই মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি ইংলিশ পেসার স্যার জেমস অ্যান্ডারসনের। তবে ম্যাচ শেষের আবহ ও পরিস্থিতির কারণে অ্যান্ডারসনের সঙ্গে দীর্ঘ আলাপ করার বা কোনো পরামর্শ নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি তার। হাসান মাহমুদ জানিয়েছেন, পরেরবার দেখা হলে এই ইংলিশ কিংবদন্তির সঙ্গে কথা বলার এবং পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন।

বিসিবির হয়ে ফ্রি ল্যান্স ক্রিকেট জার্নালিস্ট তাওহিদ কৌরেশির নেওয়া সাক্ষাতকারে অ্যান্ডারসনের প্রসঙ্গে হাসান বলেন, ‘ম্যাচের মধ্যে কথা হয়নি ওরকম কিন্তু খেলা শেষ করে ওর সাথে হ্যান্ডশেক করা হয়েছে, সৌজন্য বিনিময় হয়েছে। আর খেলার পর আমার মনে হয় ম্যাচ হারার পরে আর ওকে বিরক্ত না করি, তাই আমি ওর কাছে আলাদা করে যিনি। তাছাড়া ও একটু তাড়াতাড়ি চলে গেছে মাঠ থেকে। চেষ্টা করব আবার দেখা হলে বা ওর সঙ্গে কথা বলব।’

ইংল্যান্ডের পেস-সহায়ক কন্ডিশন ও বিখ্যাত ডিউক বলে বোলিং করাটা ক্যারিয়ারের জন্য দারুণ এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন হাসান। সেখানকার পিচ ও বাংলাদেশের পিচের পার্থক্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘কন্ডিশনটা ভিন্ন।  বাংলাদেশে হয়তো পিচগুলা একটু স্লো হয় বা টার্নি হয়। ওয়েদার একটু গরম থাকে আর এখানে উইকেটগুলা একটু ফাস্ট হয় বাউন্সি হয় এবং সিম মুভমেন্ট থাকে বেশি সুইং থাকে সো অবসলি বলেও ডিফারেন্স থাকে ওখানে আমরা কোকাপুরা দিয়ে করি এখানে ডিউক বলে সবসময় খেলা হয়।’

এই কন্ডিশনে শুরুতে মানিয়ে নেওয়ার কৌশল হিসেবে নিজের লেন্থে কিছুটা পরিবর্তন এনেছিলেন এই পেসার। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে হাসান জানান,  ‘বাংলাদেশের থেকে ভিন্নতা হচ্ছে এখানে একটু ফুলার লেন্থে বল বল ফেলে সুইং করাতে হয়। নতুন বলে ব্যাটসম্যানরা আনকমফর্টেবল থাকে ফুলার লেন্থে সুইং হলে। আমি চেষ্টা করেছি যত ফুলার বলিং করা যায় সুইং এন্ড মাই লাইন আমি চেষ্টা করেছি।’

আসন্ন অস্ট্রেলিয়া সফরে ইংলিশ কাউন্টিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন হাসান, ‘অবশ্যই এটা একটা আমার জন্য বড় একটা সুযোগ হবে। বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ওদের মাটিতে সো আমি খুবই এক্সাইটেড ওদের বিপক্ষে খেলার জন্য। আমরা চেষ্টা করব আমাদের বোলাররা যারা আছি আমরা যেন প্রভাব বিস্তার করতে পারি।’