আইসিসির মাসসেরা মুশফিক
বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় সিরিজ জয়ের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ধবলধোলাইয়ে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখানো এই অভিজ্ঞ ক্রিকেটার এবার পেলেন তারই স্বীকৃতি। মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এই পুরস্কারের দৌড়ে মুশফিক পেছনে ফেলেছেন সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এর আগে ২০২১ সালের মে মাসেও এই সম্মান জিতেছিলেন তিনি।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান ছিল মুশফিকের। দুই টেস্টে ৬৩ দশমিক ২৫ গড়ে ২৩৫ রান করে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের সময়ে গুরুত্বপূর্ণ ৭১ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। এরপর সিলেট টেস্টে খেলেন ম্যাচের গতিপথ বদলে দেওয়া ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস।
২০০৫ সালে টেস্ট অভিষেক হওয়া মুশফিক ৩৯ বছর বয়সেও যে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন, পাকিস্তান সিরিজে সেটি আবারও প্রমাণ করেছেন। তার অভিজ্ঞতা ও দৃঢ়তায় ভর করেই পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় এক সিরিজ জয় তুলে নেয় বাংলাদেশ।
পুরস্কার জয়ের পর মুশফিক বলেন, 'আবারও আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি আরও বেশি আনন্দিত।'
সতীর্থ তাইজুল ইসলামের ভূয়সী প্রশংসাও করেন তিনি, 'আমার সতীর্থ তাইজুলও পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে। এটি এমন একটি সিরিজ, যা আমরা দীর্ঘদিন মনে রাখব।'
বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার আরও বলেন, 'এই জয় আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও এগিয়ে দিয়েছে, ফলে অর্জনটি দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞ। সামনের মাসগুলোতেও বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছি।'
এদিকে নারীদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিনকে পেছনে ফেলেছেন।