আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস
ইংল্যান্ডের ক্রিকেটে এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকস। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টেস্ট শেষ হওয়ার পরই ইংল্যান্ডের জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়বেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। একই সঙ্গে শেষ হবে তার দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
স্টোকসের অবসরের খবর ছড়িয়ে পড়তেই ট্রেন্ট ব্রিজে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। এরপর ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটার জ্যাক ফল্কসকে আউট করলে আবারও গর্জে ওঠে গ্যালারি, যেন বিদায়ী নায়ককে শেষবারের মতো ভালোবাসা জানিয়ে রাখলেন সমর্থকেরা।
তবে অবসরের ঘোষণার আগে স্টোকসকে ঘিরে বিতর্কও ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর লন্ডনের একটি নাইটক্লাবে উদযাপন করতে গিয়ে মধ্যরাতের কারফিউ ভঙ্গ করায় দ্বিতীয় টেস্টে তাকে এবং গাস অ্যাটকিনসনকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তৃতীয় টেস্টে ফিরেই আবারও নিজের লড়াকু মানসিকতার পরিচয় দেন তিনি।
স্টোকসের বিদায়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন, 'বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবং তার প্রজন্মের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে। চাপের মুহূর্তে তার অসাধারণ পারফরম্যান্স, অদম্য প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা এবং অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কোটি কোটি সমর্থককে এমন সব স্মৃতি উপহার দিয়েছে, যা চিরকাল মনে থাকবে।'
থম্পসন আরও বলেন, '২০১৯ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ে তার অনবদ্য অবদান, হেডিংলিতে অ্যাশেজের সেই অবিশ্বাস্য ইনিংস কিংবা সাহসিকতার সঙ্গে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া স্টোকস ইংল্যান্ড ক্রিকেটের একজন প্রকৃত পথপ্রদর্শক ও অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন।'
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে স্টোকস নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। ব্যাট ও বল দুই বিভাগেই অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি। বিশেষ করে বড় ম্যাচে তার পারফরম্যান্স তাকে ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তির মর্যাদা এনে দিয়েছে।