সাকিব-হৃদয় ব্যর্থ, জাফনার রাজত্ব শেষ
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের। ফাইনালে জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন হয়েছে গল গ্যালান্টস। এর মধ্য দিয়ে জাফনার টানা চারবার শিরোপা জয়ের দৌড়ও থেমে গেল।
ফাইনালে ব্যাট হাতে সাকিব-হৃদয় দুজনই ব্যর্থ হয়েছেন। আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয় জাফনা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার কামিল মিশারা। সাকিব ১৩ বলে করেন ৯ রান, আর হৃদয়ের ব্যাট থেকে আসে ১০ বলে ১০ রান।
জাফনার ইনিংস বড় হতে না পারার পেছনে বড় ভূমিকা রাখেন চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গা। দুজনই তিনটি করে উইকেট নেন। থারিন্দু রত্নায়েকে পান দুটি উইকেট।
তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এক পর্যায়ে গল গ্যালান্টসকে চাপে ফেলে জাফনাকে ম্যাচে ফেরানোর সম্ভাবনাও তৈরি করেছিলেন তিনি।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গল। কিন্তু টমাস ফ্রেজার রজার্সের ২৭ বলে ৩৪ এবং দিনুরা কালুপাহানার ১৯ বলে ৩১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দুজন মিলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
এরপর সাকিব একই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে গলকে আবারও চাপে ফেলেন। একপর্যায়ে ৭৫ রানে ৪ উইকেট হারায় তারা। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি গলের ব্যাটাররা। ১৫.৫ ওভারেই ১২৪ রান তুলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে গল গ্যালান্টস।
ফলে জাফনা কিংসের টানা চতুর্থ এলপিএল শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেল। অন্যদিকে গল গ্যালান্টস পেল তাদের ইতিহাসের প্রথম এলপিএল শিরোপা।
কোয়ালিফায়ারে রেকর্ড গড়া দ্রুততম ফিফটি করে জাফনাকে ফাইনালে তুলেছিলেন হৃদয়। তবে ফাইনালের মঞ্চে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেননি বাংলাদেশের এই ব্যাটার।