বাংলাদেশ সফরের সম্ভাব্য সময়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজ!
ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা আরেকটু ক্ষীণ হয়ে গেলো। ভারতের বাংলাদেশ সফরের অনিশ্চয়তার মাঝে জানা গেল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজই দিয়েছে এই খবর। এই সিরিজের ম্যাচগুলোর তারিখ বাংলাদেশ সফরের সম্ভাব্য সূচির সঙ্গে খানিকটা সাংঘর্ষিক।
বিসিবির বার্ষিক সিরিজ আয়োজন পরিকল্পনার মধ্যে ২৮ অগাস্ট ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা ছিলো। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিলো তাদের। ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা ছিলো শেষ টি-টোয়েন্টি।
ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। খেলা ভারতে হলেও এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাণিজ্যিক অংশীদারদের কাছে এসিবির পাঠানো চিঠি হাতে পেয়েছে ক্রিকবাজ। সেখানে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান জানান, ‘এসিবি এতদ্বারা নিশ্চিত করছে যে আফগানিস্তানের ভারত সফর ২০২৬ (ইভেন্ট) আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসিবি আরও নিশ্চিত করছে যে এই ইভেন্টের তারিখগুলো বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চিত ও সম্মত হয়েছে এবং নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।’
নাটকীয়ভাবে পরিস্থিতি না বদলালে এতে করে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা অনেকটা শেষ হয়ে গেলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছয়টি সীমিত ওভারের ম্যাচের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছিল। সেখানে ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত।
বিসিবির প্রস্তাবিত তারিখের বাকি আর তিন সপ্তাহেরও কম সময়, তাই দুই দেশের সরকারের কাছ থেকে শেষ মুহূর্তে কোনো অভাবনীয় নির্দেশনা না এলে বাংলাদেশ সিরিজটি এখন বাতিল বলেই মনে হচ্ছে।