‘এক্স-ফ্যাক্টর’ নিয়ে আসা হাসানের প্রশংসায় মুখর কেন্ট সতীর্থ

ক্রীড়া প্রতিবেদক

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের জার্সিতে ফিরেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে দারুণ বোলিংয়ের সুবাদে উচ্ছ্বসিত প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সতীর্থ ম্যাট মিল্নসের মতে, হাসানের বোলিং অ্যাকশন প্রতিপক্ষের জন্য বিভ্রান্তিকর এবং আক্রমণে তিনি যোগ করেন বাড়তি ‘এক্স-ফ্যাক্টর’।

ক্যান্টারবুরিতে ডিভিশন টুয়ের ম্যাচের দ্বিতীয় দিনে উস্টারশায়ারকে ২১৭ রানে অলআউট করে ২১ রানের লিড পায় কেন্ট। হাসান ৬৮ রানে শিকার করেন ৪ উইকেট। ৩ উইকেট নিতে ইংলিশ পেসার মিল্নসের খরচা ৫২ রান।

দ্বিতীয় দিনের খেলা শেষে হাসানের বোলিং ও কেন্টে দলে তার প্রভাব নিয়ে কথা বলেন মিল্নস। বাংলাদেশের ২৬ বছর বয়সী এই পেসারের ফেরাকে দারুণ ইতিবাচক হিসেবে দেখেন তিনি, ‘আমাদের আক্রমণে হাসান নিশ্চিতভাবেই বিশেষ কিছু যোগ করে। তাই তাকে ফিরে পাওয়াটা চমৎকার একটি বোনাস। তবে নিশ্চিতভাবেই অন্য ছেলেরা সবাই যার যার ভূমিকা পালন করেছে।’

হাসানের দক্ষতা ও গতির প্রশংসা করেন মিল্নস, ‘আমার মনে হয়, সে আমার চেয়ে একটু বেশি জোরে স্টাম্পে আঘাত করে! তবে হ্যাঁ, আমি যেমনটা বলেছি, সে সেই এক্স-ফ্যাক্টরটাই নিয়ে আসে। সে ভালো গতিতে বল করতে পারে। তার অ্যাকশন কিছুটা ভিন্ন, যা বুঝে ওঠা কঠিন এবং সে একজন সেরা, উঁচুমানের বোলার।’

হাসানকে সতীর্থ হিসেবে পাওয়ায় স্বস্তির কথাও শোনান মিল্নস, ‘তাকে দলে পেয়ে আমরা সত্যিই খুব ভাগ্যবান। সে আমাদের আক্রমণে ভিন্ন এক মাত্রা যোগ করে। প্রতিপক্ষ হিসেবে তার মুখোমুখি হওয়ার চেয়ে সে আমার নিজের দলে থাকাই অনেক স্বস্তির।’

কাউন্টিতে প্রথম দফায় হাসান দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নিয়েছিলেন ১২ উইকেট। তাই তাকে আবার দলে পেতে মুখিয়ে ছিল কেন্ট, যারা ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে। ফেরার ম্যাচে জ্বলে উঠে প্রত্যাশা পূরণ করেছেন তিনি।

এর আগে গত মাসে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে নজর কাড়েন হাসান। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হন তিনি। মারারা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬ উইকেটসহ তার শিকার ছিল মোট ৯ উইকেট।

এই প্রতিবেদন লেখার সময়, শুক্রবার তৃতীয় দিনের চা বিরতির আগে কেন্টের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩৫৮ রানে। স্যাম নর্থইস্ট সেঞ্চুরি হাঁকিয়ে করেন দলের পক্ষে সর্বোচ্চ ১৩২ রান। এছাড়া, জ্যাক ক্রলি ৫৪ ও অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৪৪ রানে আউট হন। জয়ের জন্য উস্টারশায়ার পেয়েছে ৩৮০ রানের বড় লক্ষ্য।