প্রীতি ম্যাচ খেলতে মাঠেই এলো না চীন, বাংলাদেশের বিব্রতকর অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

চীনের অনুরোধেই আয়োজন করা হয়েছিল প্রীতি ম্যাচটির। অথচ নির্ধারিত সময়ে মাঠেই এলো না তারা! শনিবার চীনের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে হয়।

বাংলাদেশ টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানান, সকালে মাঠে পৌঁছানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত প্রতিপক্ষ না আসায় প্রীতি ম্যাচের বদলে নিজেদের অনুশীলন সেশনটি সেরে নেন জ্যোতিরা। রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে এটিকে প্রস্তুতির সুযোগ হিসেবেই কাজে লাগায় বাংলাদেশ।

ঘটনাটির বর্ণনা দিয়ে ফাইয়াজ বলেন, 'আমরা খুব সকালে মাঠে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ওরা না আসায় আমরা নিয়মিত অনুশীলন পর্ব শেষ করে হোটেলে ফিরে আসি।'

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কথা ইতোমধ্যেই নিয়ম মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ফাইয়াজ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি ও ২০২৬ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দে মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদকে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এর আগে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল লাল-সবুজের মেয়েদের। কিন্তু মাঠ ভেজা থাকার কারণে কোনো বল গড়ানো ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়। পরবর্তীতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ।

রোববার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করেছে ভারত। দিনের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।