আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়-জাকের, বাদ পড়লেন অমিত

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি করে দলে এসেছেন তাওহিদ হৃদয়, ফিরেছেন জাকের আলি অনিকও। তাদের ঠাঁই দিতে বাদ পড়েছেন অমিত হাসান। এছাড়া তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন স্কোয়াড ঘোষণা করা হয়। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা নাহিদ রানাকে এই টেস্টে রাখা হয়নি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তাকে রাখার কথা বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

জিম্বাবুয়ের বিপক্ষে গত জুনে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। তবে এরপর অস্ট্রেলিয়া সফরে ছিলেন না তিনি। দক্ষিণ আফ্রিকায় সাড়ে তিনশো রানের ইনিংস খেলে টেস্টে ফিরলেন ডানহাতি ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অমিতেরও। ছিলেন অস্ট্রেলিয়া সফরে। তার বদলে জাকেরকে ফেরানোর কারণ হিসেবে ‘এ’ দলে ভালো খেলার কথা জানান হাবিবুল। 

পেস বিভাগে হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলামদের রাখা হয়েছে। স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। অন্যদিকে স্পিন বিভাগের মূল দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এছাড়া এই সফরের টেস্ট স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে পাঠানো হচ্ছে অফ-স্পিনার নাঈম হাসান এবং দুই তরুণ পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে।

৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে একমাত্র এই টেস্টে নামবে বাংলাদেশ দল। 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।