বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

শীত মৌসুম এলেই যেন নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ দল। গত কয়েক বছর ধরে এমন চিত্র নিয়মিত, গত ৮ বছরের মধ্যে ৬ষ্ঠ বারের মতো এবারও ডিসেম্বরে আছে নিউজিল্যান্ড সফর। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।

আগামী ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। খেলা হবে ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে।

১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডের পর ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে শেষ ম্যাচ। ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের আগে অবশ্য কিউইরাই বাংলাদেশে আসবে টেস্ট খেলতে। নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

তারিখ ম্যাচ ভেন্যু
১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে ডানেডিন
২০ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে নেলসন
২৩ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে নেপিয়ার
২৭ ডিসেম্বর  প্রথম টি-টোয়েন্টি নেপিয়ার
২৯ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি মাউন্ট মাঙ্গানুই
৩১ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি মাউন্ট মাঙ্গানুই