অভিজ্ঞদের ছেড়ে এগিয়ে যাওয়ার এখনই সময় দেখছেন হাথুরুসিংহে
টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই, সহ-অধিনায়ক লিটন দাসও নেই। তামিম ইকবালকেও পাওয়া যাচ্ছে না। অভিজ্ঞদের মধ্যে আছেন কেবল মুশফিকুর রহিম আর মুমিনুল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সেরা দল না পাওয়া নিয়ে তবু আক্ষেপ করছেন না প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তিনি বরং এটাকে দেখছেন ইতিবাচক হিসেবে। তার কাছে মনে হচ্ছে অভিজ্ঞ তারকাদের থেকে সরে গিয়ে এগিয়ে যাওয়ার এখনই আদর্শ সময়।
আগামী মঙ্গলবার সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। সাকিব-লিটনের অনুপস্থিতিতে এই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। যিনি এখন পর্যন্ত খেলেছেন ২৩ টেস্ট।
সব মিলিয়ে মুশফিক ও মুমিনুলকে বাদ দিলে বাংলাদেশ স্কোয়াডে অনভিজ্ঞতার ছড়াছড়ি। সাকিব-লিটন-তামিমরা না থাকায় চ্যালেঞ্জ দেখলেও এটাকে বড় সুযোগও মনে করেন হাথুরুসিংহে। সিলেটে রোববার সংবাদ সম্মেলনে দিলেন এমনই মত, 'এরকম অভিজ্ঞদের হারানো যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জের। বিশেষ করে বাংলাদেশের মতন দলের জন্য। এরা কেউ ১৫ বছর, কেউ ১০ বছর ধরে বাংলাদেশের হয়ে সব সংস্করণে খেলছে।'
'আমি বলব এটা একটা দিক, আর আমাদের জন্য এটা হচ্ছে সামনে তাকানোর সুযোগ। তরুণরা কি করতে পারে দেখা যায়। আমার মনে হয় যারা অনেকদিন ধরে খেলছে তাদের ছেড়ে এগিয়ে যাওয়ার এখনই সময়। তারা চিরকাল থাকবে না। এটা রোমাঞ্চকর হবে। তরুণদের জন্য সুযোগ তাদের নামটা প্রতিষ্ঠা করা এবং লম্বা ক্যারিয়ার করা।'
ব্যাটিং আক্রমণের পাশাপাশি পেস বোলিংয়েও অভিজ্ঞদের পাওয়া যাচ্ছে না। চোটের কারণে নেই তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। খালেদ আহমেদের সঙ্গে আছেন অভিষেকের অপেক্ষা থাকা হাসান মাহমুদ, ৭ টেস্ট খেলে শরিফুল ইসলাম। এই পরিস্থিতিতে হাসানদের কাছ থেকে বড় কিছু চাইছেন কোচ, 'আমি বলছি তারা (তাসকিন ও ইবাদত) আমাদের সেরা বোলার। তবু আবার বলব এটা অন্যদের জন্য এগিয়ে আসার সুযোগও। আমরা একটা সেট বলার নিয়ে অনেক দূর যেতে পারব না। খালেদ, শরিফুল আর হাসান মাহমুদের জন্য এটা তাই সুযোগ। তারা যদি সুযোগ কাজে লাগাতে পারে তাদের জন্য এটা রোমাঞ্চকর হবে।'