পিএসএল শুরুর আগেই মুলতানকে বিক্রির ভাবনায় পিসিবি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরুর আগেই মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতিপূর্বে তারা জানিয়েছিল, আসন্ন আসরে নিজেরাই দলটির দায়িত্ব পালন করবে এবং আসর শেষে এটি বিক্রি করা হবে। তবে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ ও শিয়ালকোট রেকর্ড দামে বিক্রি হওয়ার পর সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পিসিবি।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে হায়দরাবাদ ও শিয়ালকোট যথাক্রমে ১৭৫ কোটি এবং ১৮৫ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছে। এই প্রত্যাশাতীত দাম পিসিবি ও পিএসএলের কর্মকর্তাদের উৎসাহিত করে তুলেছে।

রোববার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে এতদিন পিসিবি নিজেরাই দল পরিচালনার কথা বললেও এখন তারা মনে করছে, বর্তমান বাজারের এই ইতিবাচক পরিস্থিতিতে মুলতানকে বিক্রি করলে সম্ভাব্য সর্বোচ্চ দাম পাওয়া সম্ভব। যেহেতু এটি একটি প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি এবং ২০২১ সালের আসরের শিরোপাজয়ী দল, তাই এটির বাজারমূল্য অন্য নতুন দলগুলোর চেয়ে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি গত মাসে জানিয়েছিলেন, পাকিস্তান বোর্ড আগামী মৌসুমের জন্য মুলতানের দায়িত্ব নেবে এবং ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য পরবর্তী ৮-১০ দিনের মধ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগ দেওয়া হবে। তবে সেই সময়সীমা পার হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মূলত সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা (পিপিআরএ) আইনের কারণে গত বৃহস্পতিবারের নিলামে মুলতানকে তোলা সম্ভব হয়নি। কারণ মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া ও বিজ্ঞাপন দেওয়ার জন্য নির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন ছিল। তবে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির পিসিবির চেয়ারম্যান নাকভিকে দ্রুত এই ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলার জন্য প্রভাবিত করার চেষ্টা করছেন। তার মতে, মঞ্চ প্রস্তুত এবং এখনই বিক্রির উপযুক্ত সময়।

গত ৩১ ডিসেম্বর মুলতানের সাবেক মালিক আলী তারিনের সঙ্গে পিসিবির মালিকানা বিষয়ক চুক্তির মেয়াদ শেষ হয়। তারিন মূলত বর্ধিত ফ্র্যাঞ্চাইজি ফি এবং পিএসএলের কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু মতভেদের কারণে মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নেন। পিসিবি এখন আইনি দিকগুলো খতিয়ে দেখছে, যাতে যত দ্রুত সম্ভব দলটিকে নিলামে তোলা যায়।

আট দল নিয়ে পিএসএল শুরু হবে আগামী ২৬ মার্চ। এক মাসের বেশি সময়ব্যাপী অনুষ্ঠেয় আসরের পর্দা নামবে ৩ মে। তবে খেলোয়াড় বাছাইয়ের জন্য ড্রাফট বা নিলামের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া, পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে এবং স্কোয়াড গঠনের প্রক্রিয়াটি ড্রাফট নাকি নিলামের মাধ্যমে হবে— এসব বিষয়েও পিসিবি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।