শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল সোমবার চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিশ্বকাপের সহ-আয়োজকদের বর্তমান টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

দীর্ঘ ১৮ মাস টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পর গত মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ধনঞ্জয়াকে দলে ফেরানো হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচেও তিনি খেলেন। তবে পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে একাদশের বাইরে রাখা হয়। এবার বিশ্বকাপের দল থেকেও বাদ পড়লেন তিনি।

দলে ফেরার পর তিন ইনিংসে ব্যাট করে অলরাউন্ডার ধনঞ্জয়া ব্যাট হাতে মাত্র ৪৩ রান করেছেন এবং অফ-স্পিনে নিয়েছেন স্রেফ একটি উইকেট। গত শুক্রবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ১১ রান করে আদিল রশিদের বলে আউট হন তিনি, যা তার জায়গা হারানোর পেছনে বড় ভূমিকা রেখেছে।

পেস আক্রমণে তরুণ ইশান মালিঙ্গাকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তাকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। গতকাল রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি কাঁধে চোট পান।

আগামী শনিবার পর্দা উঠবে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের। পরদিন কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লঙ্কানরা। গ্রুপ 'বি'তে তাদের অন্য প্রতিপক্ষরা হলো অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপের শীর্ষ দুই দল নাম লেখাবে সুপার এইট পর্বে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুসল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা।