বৃথা গেল স্বর্ণার ফিফটি, শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বর্ণা আক্তারের প্রথম হাফসেঞ্চুরি সত্ত্বেও এই পরাজয় বরণ করতে হয়েছে স্বাগতিকদের।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বর্ণার ৪৫ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংসের পরও বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায়। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও এই ডানহাতি ব্যাটার এক প্রান্ত আগলে রেখেন। তবে অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ পাননি তিনি।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে হার্শিতা সামারাবিক্রমা ও ইমেশা দুলানির জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কা ৪ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করে। ইনিংসের শেষ বলে আউট হওয়া সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ রানে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা। দুলানি সাতটি চারের সাহায্যে করেন ৪০ বলে ৫৫ রান।
এটি নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২৩ সালে কলম্বোতে করা ১৫৮ রান ছিল টাইগ্রেসদের বিপক্ষে তাদের আগের সর্বোচ্চ।
শুরুতে লঙ্কান ওপেনার হাসিনি পেরেরা মাত্র ৭ রানে আউট হয়ে ধাক্কা খেলেও অধিনায়ক চামারি আতাপাত্তু ও দুলানি দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। অফ-স্পিনার সুলতানা খাতুন ৩০ বলে ৩২ রান করা আতাপাত্তুকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। তবে দুলানি ও সামারাবিক্রমার ৮০ রানের ঝড়ো জুটিতে শ্রীলঙ্কা দ্রুত এগিয়ে যায়।
নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার হাফসেঞ্চুরি করা দুলানিকে আউট করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (১১৭ ম্যাচ) পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। তবে সামারাবিক্রমা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান এবং লঙ্কানদের একটি চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।
জবাব দিতে নেমে দুই ওপেনার দিলারা আক্তার (১৪ বলে ২৩) ও জুয়াইরিয়া ফেরদৌসের (১২ বলে ১৬) ব্যাটে চড়ে মাত্র ৩.৩ ওভারে ৩৯ রান তুলে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। কিন্তু জুয়াইরিয়া আউট হওয়ার পরই শুরু হয় মড়ক। বিনা উইকেটে ৩৯ রান থেকে ৪৪ রানে ৪ উইকেটের দলে পরিণত হয় স্বাগতিকরা।
পাওয়ার প্লের ভেতরেই শারমিন আক্তার (৫ বলে ১) ও জ্যোতির (২ বলে ০) পর বিদায় নেন দিলারা। ফলে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ও স্বর্ণা ইনিংস পুনর্গঠনের চেষ্টা করলেও প্রয়োজনীয় রান রেট নাগালের বাইরে চলে যায়। মোস্তারি ধীরগতির ব্যাটিংয়ে ২৬ বলে ১৬ রান করে থামেন।
স্বর্ণা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও পাল্লা দিয়ে বাড়তে থাকা রান রেটের চাহিদার সাথে পেরে ওঠেননি। তার লড়াই মূলত হারের ব্যবধানই কমায় মাত্র। শ্রীলঙ্কার পক্ষে মালকি মাদারা, মিতালি বান্দারা ও আতাপাত্তু দুটি করে উইকেট শিকার করেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।