'কেউ চায় না রোনালদোকে'

By স্পোর্টস ডেস্ক

ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবল। ফুটবল ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো। একের পর এক নজির গড়ে নিজেকে অনন্য উচ্চতায় তুলে নিয়েছেন এ পর্তুগিজ তারকা। জিতেছেন পাঁচটি ব্যালন ডি'অর। অথচ সেই তারকাকেই এখন কেউ চায় না বলেই মন্তব্য করেছেন লিভারপুলের সাবেক ফুটবলার জিমি কারাঘের।

এই মৌসুমে ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে না পারায় এ মৌসুমে ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন রোনালদো। ইউরোপীয় শীর্ষ আসরে খেলতে অনেক ক্লাবের সঙ্গেই আলোচনা হয়েছে তার। কিন্তু সে অর্থে তাকে কেউ চায়নি। প্রথমত তার বয়সটা পেরিয়েছে ৩৭, তার উপর আবার উচ্চ বেতন। শেষ পর্যন্ত থাকতে হচ্ছে ইউনাইটেডেই,

স্কাই স্পোর্টসের পণ্ডিতদের আলোচনায় বাস্তবতা তুলে ধরেছেন কারাঘের, 'তার ক্যারিয়ারটা দীর্ঘ হয়েছে কারণ সে দারুণ পেশাদার। কিন্তু এখন সে ৩৭ বছর বয়সী, এই মৌসুমে ৩৮ বছর পূরণ হবে। তাই সে একই খেলোয়াড় না। সে এখনও একজন ভালো স্কোরার কিন্তু সে একই খেলোয়াড় না। আমার ভুল হতে পারে, কিন্তু আমি মনে করি ইউরোপের অন্য কোনো ক্লাব তাকে চায় না।'

গত মৌসুমে ইউনাইটেড রোনালদোকে স্বাক্ষর তখনই এ চুক্তির সমালোচনা করেছিলেন কারাঘের। আর তিনি যে সঠিক ছিলেন তার প্রমাণ মিলেছে মাঠে। প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি দলটি। ব্যক্তিগতভাবে রোনালদো ভালো করলেও দলীয়ভাবে ইউনাইটেড ছিল সম্পূর্ণ ব্যর্থ। শিরোপা লড়াই তো দূরের কথা, চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা করে নিতে পারেনি তারা।

সাম্প্রতিক সময়ে রোনালদোকে নিয়ে সমালোচনায় মেতেছে সমর্থক। প্রতিদ্বন্দ্বীরা তো বটেই, এমনকি ইউনাইটেড সমর্থকরাও। সামাজিকমাধ্যমে সবচেয়ে বেশি গালাগাল করা হয়ে রোনালদোকে নিয়েই। আর এমন দিন আসবে বলে আগেই ভেবেছিলেন কারাঘের, 'আমি সবসময় ভেবেছিলাম এটি একটা অদ্ভুত স্বাক্ষর ছিল। সবসময় মনে করতাম এই পরিস্থিতি আসবে, এমনকি রোনালদো ইউনাইটেডে ভালো করলেও।'

বর্তমানে ইউনাইটেড ছাড়া অন্য কোথায় রোনালদো জায়গা নেই বলেই মনে করে সাবেক এ ডিফেন্ডার, 'ইউনাইটেড তাকে বের করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ এই মুহূর্তে অন্যান্য ক্লাব তাকে চায় না। এবং আমি মনে করি আপনি যদি টেন হ্যাগকে জিজ্ঞাসা করেন, মনে হয় না সে এটা (বিক্রি করে দেওয়া) চায়। ইউনাইটেড এখন ক্রিস্তিয়ানো রোনালদোকে চায়।'