'পেনাল্টি অঞ্চলের মধ্যে রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়'

By স্পোর্টস ডেস্ক

আসন্ন মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো আছেন চাপের মধ্যে। সম্প্রতি রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে যাওয়ায় রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগের তোপের মুখেও পড়েছেন তিনি। তবে এমন বাজে সময়ে সাবেক সতীর্থ মাতাইস ডি লিখটের সমর্থন পেয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান পরাশক্তি জুভেন্তাসে নাম লিখিয়েছিলেন রোনালদো। গত বছর ইউনাইটেডে ফেরার আগে তুরিনের ক্লাবটিতে তিন বছর কাটান তিনি। অন্যদিকে, গত মাসে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডি লিখট জুভেন্তাসে পাড়ি জমিয়েছিলেন ২০১৯ সালে। রোনালদোর সঙ্গে দুই বছর কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন তিনি। ফলে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ডকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে তার।

রোনালদো ওল্ড ট্র্যাফোর্ডে গেলেও গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে সমর্থকদের হতাশ করে ম্যান ইউনাইটেড। বাকি সব প্রতিযোগিতাতেও বেহাল দশা ছিল তাদের। অথচ ঠিক আগের মৌসুমেই প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল তারা। তাই সমালোচকদের মতে, রোনালদোর আগমন ক্লাবটির ভারসাম্য নষ্ট করেছে। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্স ধরে রাখতে দলের হয়ে তিনি নিজেকে উজাড় করে দেন না বলেও দাবি তাদের।

রোনালদোর পক্ষ নিয়ে এবার নিন্দুকদের পাল্টা জবাব দিয়েছেন ডি লিখট। বুধবার জার্মান ওয়েবসাইট কিকারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ক্রিস্তিয়ানো রোনালদো একজন বিরাট চরিত্র। তিনি তার সতীর্থদের সঙ্গে প্রচুর কথা বলেন এবং সবসময় তাদেরকে সাহায্য করার জন্য তৈরি থাকেন। কিছুদিন পরেই তার বয়স হবে ৩৮ বছর। কিন্তু তার শারীরিক অবস্থা একজন ২৪ বছর বয়সী তরুণের মতো এবং তিনি এখনও অনেক গোল করছেন। আপনি কেবল তার প্রশংসাই করতে পারেন।'

গোল করার ক্ষুধার কারণে ডি-বক্সের মধ্যে রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড় বলে মত ২২ বছর বয়সী ডি লিখটের, 'জুভেন্তাসের হয়ে রোনালদো দারুণ পারফর্ম করেছিলেন। তিনি গোল করতেন এবং একজন অসাধারণ সতীর্থ ছিলেন। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে পেনাল্টি অঞ্চলের মধ্যে কে বিশ্বের সেরা খেলোয়াড়, তাহলে আমি রোনালদোর নাম বলব। সবসময় তাকে চোখে চোখে রাখতে হয়। অন্যথায় সে গোল করবে।'

উল্লেখ্য, নতুন ঠিকানায় পাড়ি জমানোর পরিকল্পনার কথা অনেক আগেই ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন রোনালদো। তবে শেষ পর্যন্ত তার ওল্ড ট্র্যাফোর্ডে থেকে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। কারণ, তার উচ্চ বেতন-ভাতা বহন করা সম্ভব গুটিকয়েক ক্লাবের পক্ষে। তাছাড়া, চেলসি, বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে রোনালদোকে জড়িয়ে গুঞ্জন সেগুলোর কোনোটিই বাস্তবে রূপ নিচ্ছে না।