ট্রান্সফার লাইভ: চেলসি থেকে এবার আলনসোকে কিনছে বার্সা

By স্পোর্টস ডেস্ক

ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুমে নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করছে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

বার্সায় যোগ দিতে প্রস্তুত আলনসো

চেলসি থেকে সিজার আজপিলিকুয়েতাকে না পেলেও আরেক ফুলব্যাক মার্কোস আলনসোকে পেতে যাচ্ছে বার্সেলোনা।  ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, খুব শীগগিরই বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন এ ডিফেন্ডার। ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত।

লাইপজিগে ফিরলেন ভের্নার

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ফের জার্মান বুন্ডেসলিগায় ফিরেছেন টিমো ভের্নার। আরবি লাইপজিগেই ফের যোগ দিচ্ছেন এ ফরোয়ার্ড। তার জন্য ২০ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে জার্মান ক্লাবটিকে। সঙ্গে বোনাসও রয়েছে। আজই শারীরিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। 

অবামেয়াংকে চায় চেলসি

টিমো ভের্নারকে বিক্রি করে দেওয়ার পর তার বিকল্প হিসেবে একজন ফরোয়ার্ড খুঁজছে চেলসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-এমরিক অবামেয়াংকে চায় দলটি। যদিও গ্যাবনের এ ফরোয়ার্ড বার্সা ছাড়তে রাজি নন। এমনকি বার্সাও ধরে রাখতে চায় তাকে।

রাবিওতকে কেনার দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড

স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন আদ্রিয়ান রাবিউত। বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে না পেয়ে বিকল্প হিসেবে এ চুক্তি করতে যাচ্ছে রেড ডেভিলরা।