সতর্ক করে দেওয়া হলো রোনালদোকে
মাঠে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদো। তেমনি মাঠের বাইরেও একই পরিস্থিতি। এক দর্শকের মুঠোফোন চাপড় মেরে ফেলে দেওয়ার ঘটনায় মার্সেসাইড পুলিশ সতর্ক করে দিয়েছেন এ পর্তুগিজ তারকাকে। এমন ঘটনা ভবিষ্যতে আবার ঘটলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি গত এপ্রিলের। এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে এই কাণ্ড করেন রোনালদো। মাঠ থেকে ড্রেসিং রুমে যাওয়ার পথে ট্যানেলের মুখে তাকে ভিডিও করতে থাকা এক ক্ষুদে ভক্তের হাতে থাকা মোবাইল চাপড় মেরে ফেলে দেন। এই ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
রোনালদোর সেই চাপড়ে মুহূর্তেই সেই মোবাইল নিচে পরে ভেঙ্গে যায়। সেই মোবাইল ছিল আবার ১৪ বছর বয়সী এ ছেলের। ছেলেটি হাতে আঘাত পান বলেও অভিযোগ করেন তার মা। সেই ঘটনার ব্যাপারে জেরায় স্বেচ্ছায় মার্সেসাইড পুলিশের কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন রোনালদো। স্বীকারোক্তি দিয়ে দুঃখ প্রকাশ করে মুক্তি পান তিনি।
এ প্রসঙ্গে মার্সেসাইড পুলিশ জানিয়েছে, 'আমরা নিশ্চিত করছি যে, আক্রমণ এবং অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী একজন ব্যক্তি বুধবার স্বেচ্ছায় হাজিরা দেন এবং সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। শর্তসাপেক্ষে সতর্ক করার মধ্য দিয়ে ঘটনার সুরাহা করা হয়েছে। ব্যাপারটি এখন সমাপ্ত।'
সেই ঘটনায় রোনালদো অবশ্য তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুঃখ প্রকাশ করে সেই দর্শককে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তারা।