নেইমার ও এমবাপেকে নিয়ে কোনো অস্বস্তি নেই: গালতিয়ে

By স্পোর্টস ডেস্ক

মঁপেলিয়ের বিপক্ষে গত সপ্তাহে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি নেওয়াকে কেন্দ্র করে বেঁধেছিল ঝামেলা। অল্প সময়ের জন্য হলেও তর্কাতর্কি হয়েছিল নেইমার ও কিলিয়ান এমবাপের মধ্যে। দুই তারকার মধ্যকার দ্বন্দ্ব নিরসনে পরদিনই আলোচনায় বসেছিল পিএসজি। তাতে ইতিবাচক ফল এসেছে বলে লিলের বিপক্ষে মাঠে নামার আগে জানালেন দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে।

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে শিরোপাধারী পিএসজি মুখোমুখি হবে লিলের। খেলাটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে। লিগের গত পাঁচ মৌসুমে কেবল একবারই চ্যাম্পিয়ন হতে পারেনি প্যারিসিয়ানরা। তাদেরকে টপকে ২০২০-২১ মৌসুমে শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল লিল। সেসময় তাদের কোচ ছিলেন গালতিয়ে। পুরনো ক্লাবকে মোকাবিলা করার আগে সংবাদ সম্মেলনে নেইমার ও এমবাপেকে নিয়ে মুখ খুলতে হয় তাকে।

গালতিয়ে বলেছেন, নেইমার ও এমবাপের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর অনুশীলনে আনন্দময় একটি সপ্তাহ কাটিয়েছে পিএসজি, 'কোনো অস্বস্তি নেই। আমরা দ্রুতই একে অপরের সঙ্গে দেখা করেছিলাম। স্পষ্ট করে বললে, সমস্যা দূর করতে পরের দিনই আমরা আলোচনায় বসেছিলাম। একে অপরের প্রতি যা যা বলার ছিল সেটা আমরা বলেছি। কোনো ঝামেলা নেই এখানে। আমি প্রশান্তি নিয়ে বলতে পারি যে অনুশীলনে আমাদের আনন্দময় একটি সপ্তাহ কেটেছে। লিলের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য সবাই কাজ করেছে।'

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২৩তম মিনিটে পিএসজি পেয়েছিল পেনাল্টি। কিন্তু ফরাসি স্ট্রাইকার এমবাপে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন। বিরতির কিছু সময় আগে আরেকটি পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ওই দফায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার শট নিতে এগিয়ে গেলে তার সঙ্গে তর্ক জুড়ে দেন এমবাপে। শেষ পর্যন্ত নেইমারই স্পট-কিক নিয়ে বল জালে পাঠান। কিন্তু এমবাপের শরীরী ভাষায় অসন্তোষ ছিল স্পষ্ট।

ওই ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে এমবাপের অগ্রাধিকারের কথাও উল্লেখ করেছেন ৫৫ বছর বয়সী গালতিয়ে, '(পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে) এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে মাঠে কারা আছে তার ভিত্তিতে। মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে একটি নির্দিষ্ট ক্রম ছিল, এক নম্বর শুটার এমবাপে এবং দুই নম্বর শুটার নেইমার। এমন সিদ্ধান্ত নেওয়া ছিল।'

'ক্রম ঠিক করার পর যে প্রসঙ্গটি আসে সেটা হলো দ্বিতীয় পেনাল্টির ক্ষেত্রে কী ঘটবে? দ্বিতীয় পেনাল্টির সময় কিছুই ঘটেনি। তাদের মধ্যে কথা চালাচালি হয়েছিল। তবে সেটা ক্ষণিকের জন্য। নেইমার ও এমবাপের মধ্যে আলাপ হয়েছিল। যেই মুহূর্তে নেইমারের মনে হয়েছে, সে শুট করবে, এমবাপে তখন সরে দাঁড়িয়েছে।'

পেনাল্টি নেওয়ার উপযুক্ত আরও খেলোয়াড় রয়েছে পিএসজির। উদাহরণ হিসেবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের নাম উল্লেখ করা যায়। তবে গালতিয়ের বক্তব্য অনুসারে, বিশেষ পরিস্থিতি তৈরি না হলে তাদের স্পট-কিক নিতে দেখা যাবে না বললেই চলে।