ইউনাইটেড-আমোরি বিচ্ছেদ: খরচের অঙ্ক ছাড়াতে পারে ৩ কোটি ৭০ লাখ পাউন্ড

স্পোর্টস ডেস্ক

কোচের পদ থেকে রুবেন আমোরিকে বরখাস্ত করার সিদ্ধান্তে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রায় ১ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ হতে পারে। ইংলিশ ক্লাবটির প্রকাশিত সাম্প্রতিক আর্থিক হিসাব থেকে এই তথ্য জানা গেছে।

সব মিলিয়ে পর্তুগিজ কোচ আমোরিকে নিয়োগ ও বিদায় করার এই পুরো প্রক্রিয়ায় ইউনাইটেডের মোট খরচ দাঁড়াতে পারে ৩ কোটি ৭৩ লাখ পাউন্ড।

ওল্ড ট্র্যাফোর্ডে আমোরির ১৪ মাসের অশান্ত অধ্যায় গত ৫ জানুয়ারি শেষ হয়। রেড ডেভিলদের কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনার জের ধরেই তাকে বিদায় করা হয়। তার ছাঁটাইয়ের পর ক্লাবটির আরও পাঁচজন কোচিং স্টাফ দায়িত্ব ছাড়েন।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক নথিতে আমোরি ও তার স্টাফদের সম্ভাব্য পাওনা সম্পর্কে জানিয়েছে ইউনাইটেড। এর ঠিক একদিন আগেই দলটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের হিসাবে ৩ কোটি ২৬ লাখ পাউন্ড মুনাফার কথা জানিয়েছিল।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১ কোটি ৬০ লাখ পাউন্ডের এই পুরো অংকটি নির্দিষ্ট কিছু শর্তের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে ৪১ বছর বয়সী আমোরির একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনো চাকরিতে যোগ না দেওয়া।

হিসাব থেকে আরও দেখা যায় যে, ম্যান ইউনাইটেড ইতোমধ্যে আমোরির সাবেক ক্লাব স্পোর্টিং লিসবনকে ৬৩ লাখ পাউন্ড পরিশোধ করেছে। তাকে নিয়োগের সময় ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ স্পোর্টিংকে দেওয়ার কথা ছিল।

তবে ২০২৪ সালের নভেম্বরের এক নথিতে ইউনাইটেড জানিয়েছিল, এরিক টেন হাগের শূন্যস্থান পূরণে আমোরিকে আনতে তারা স্পোর্টিংকে ১ কোটি পাউন্ড দিয়েছে। উল্লেখ্য, টেন হাগের বিদায়ের পেছনে খরচ হয়েছিল আরও ১ কোটি ৪ লাখ পাউন্ড।

আমোরির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩টি ম্যাচের মধ্যে মাত্র ২৫টিতে জয় পায় রেড ডেভিলরা। গত মৌসুমের প্রিমিয়ার লিগে ক্লাবটি ১৫তম অবস্থানে থেকে শেষ করেছিল। এটি ছিল ১৯৭৩-৭৪ মৌসুমে দ্বিতীয় স্তরে অবনমনের পর ইউনাইটেডের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

আমোরির বিদায়ের সময় ২০ বারের লিগজয়ীরা চলতি মৌসুমের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে ছিল। জানা গেছে, ওল্ড ট্র‍্যাফোর্ডে তার শেষ ম্যাচের কয়েক দিন আগে ক্লাবটির ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্সের সঙ্গে তার বড় ধরনের বাদানুবাদ হয়েছিল।

তবে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে ক্লাবটি বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। লিগে টানা পাঁচটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার নতুন আশা জাগিয়েছে তারা।