চ্যাম্পিয়ন্স লিগ

আবারও মুখোমুখি রিয়াল-ম্যান সিটি, নিউক্যাসলকে পেল বার্সা

স্পোর্টস ডেস্ক

শুক্রবার ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ মৌসুম থেকে এই নিয়ে ষষ্ঠবারের মতো নক-আউট পর্বে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।

এই দুই ক্লাব ইতোমধ্যেই এবারের মৌসুমের গ্রুপ পর্বে একবার একে অপরের মোকাবিলা করেছে। গত ডিসেম্বরের সেই ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে স্পেনের রিয়ালের বিপক্ষে জয়ী হয়েছিল ইংল্যান্ডের ম্যান সিটি। আরেক স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাও পেয়েছে ইংলিশ প্রতিপক্ষ। তারা খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে চেলসির। এটি গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সেই লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজিকে উড়িয়ে ইংলিশ ক্লাব চেলসি শিরোপা উঁচিয়ে ধরেছিল।

প্রাথমিক পর্বে শীর্ষে থাকা ইংলিশ ক্লাব আর্সেনাল খেলবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা জার্মানির আরেক ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইতালির আতালান্তা। আর ইংলিশ ক্লাব লিভারপুল লড়বে তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে।

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদের। আর নরওয়ের বোডো/গ্লিম্ট লড়বে পর্তুগালের স্পোর্তিং লিসবনের বিপক্ষে। বোডো/গ্লিম্ট চলতি মৌসুমে ইতোমধ্যে ম্যান সিটি, অ্যাতলেতিকো ও ইন্টার মিলানের মতো জায়ান্টদের হারিয়ে চমক দেখিয়েছে।

শেষ ষোলোর পাশাপাশি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র ও দিন-তারিখ চূড়ান্ত করা হয়েছে।

শেষ ষোলোয় মুখোমুখি যারা:

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
বোডো/গ্লিম্ট-স্পোর্তিং লিসবন
পিএসজি-চেলসি
নিউক্যাসল ইউনাইটেড-বার্সেলোনা
গ্যালাতাসারাই-লিভারপুল
অ্যাতলেতিকো মাদ্রিদ-টটেনহ্যাম হটস্পার
আতালান্তা-বায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুসেন-আর্সেনাল

কোয়ার্টার ফাইনাল:

প্রথম কোয়ার্টার ফাইনাল: পিএসজি/চেলসি বনাম গ্যালাতাসারাই/লিভারপুল
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: রিয়াল/ম্যান সিটি বনাম আতালান্তা/বায়ার্ন
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: নিউক্যাসল/বার্সেলোনা বনাম অ্যাতলেতিকো/টটেনহ্যাম
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: বোডো/স্পোর্তিং বনাম লেভারকুসেন/আর্সেনাল

সেমিফাইনাল:

প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী
দ্বিতীয় সেমিফাইনাল: তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী

প্রথম ও দ্বিতীয় লেগের তারিখ:

শেষ ষোলো: ১০-১১ মার্চ ও ১৭-১৮ মার্চ
কোয়ার্টার ফাইনাল: ৭-৮ এপ্রিল ও ১৪-১৫ এপ্রিল
সেমিফাইনাল: ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে

ফাইনাল:

৩০ মে, বুদাপেস্ট।