হামজার দ্রুত প্রত্যাবর্তন: স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। শনিবার রাতে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে ইপসউইচ টাউনের বিপক্ষে লেস্টার সিটির হয়ে মাঠে নামেন তিনি।

২৮ বছর বয়সী এই ফুটবলার ম্যাচের ৮২তম মিনিটে রিকার্দো পেরেইরার বদলি হিসেবে মাঠে ঢোকেন। ইপসউইচের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে ১-১ গোলে ড্র করে লেস্টার সিটি।

অল্প সময়ের জন্য মাঠে নামায় খেলায় খুব বেশি প্রভাব ফেলার সুযোগ পাননি হামজা। পুরো সময়ে মাত্র চারবার বল স্পর্শ করতে পারেন তিনি। তবে এর মধ্যেই একটি এরিয়াল ডুয়েলে এবং দুটি গ্রাউন্ড ডুয়েলের একটিতে জয়ী হন তিনি।

হামজার এই ফেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য বড় স্বস্তির খবর। কারণ আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

গত জানুয়ারির শেষদিকে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে লিগের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন হামজা। প্রাথমিক রিপোর্টে তার মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট (এমসিএল) ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছিল। ফলে ধারণা করা হয়েছিল, তিনি চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন।

সিঙ্গাপুরের মাঠে অনুষ্ঠেয় ম্যাচের প্রস্তুতি হিসেবে আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। মাঝমাঠের প্রাণভোমরা হামজার উপস্থিতি সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ে হাভিয়ের কাবরেরার দলের জন্য তুরুপের তাস হতে পারে।