ইয়ামালের গোলে রক্ষার পর বার্সা কোচ বললেন, ‘প্রচুর ভুল করেছি’

স্পোর্টস ডেস্ক

ম্যাচ শেষ হতে তখন বাকি আর মাত্র কয়েক সেকেন্ড, সেন্ট জেমস পার্কে উৎসবের প্রস্তুতি তুঙ্গে। ঠিক সেই মুহূর্তেই নাটকীয় মোড়। দানি ওলমোকে ডি-বক্সে ফাউল করে বসলেন মালিক থিয়াউ। পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করলেন না রেফারি। স্নায়ুচাপ সামলে নিখুঁত স্পট কিকে জাল খুঁজে নিলেন লামিন ইয়ামাল। হারতে বসা বার্সেলোনা মাঠ ছাড়ল স্বস্তির ড্র নিয়ে।

গতকাল মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। ম্যাচের ৮৬তম মিনিটে হার্ভি বার্নসের লক্ষ্যভেদে ইংলিশ ক্লাবটি জয়ের সুবাস পেলেও ইয়ামালের শেষ মুহূর্তের পেনাল্টিতে সমতায় ফেরে স্প্যানিশ পরাশক্তিরা।

পুরো ম্যাচে বার্সেলোনার পারফরম্যান্স ছিল তাদের চেনা ছন্দের চেয়ে বেশ মলিন। হান্সি ফ্লিকের শিষ্যরা নিউক্যাসলের গতিময় ফুটবলের সামনে বারবার খেই হারায়। বিশেষ করে বার্নস যখন গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন, তখন লা লিগার চ্যাম্পিয়নদের খালি হাতেই ফিরতে হবে বলে মনে হচ্ছিল।

দলের পারফরম্যান্স নিয়ে তাই কোনো রাখঢাক করেননি বার্সা কোচ ফ্লিক। ম্যাচের শেষ শটে হার এড়ানোর পর নিজেদের ভুলগুলো নিয়ে বেশ কঠোর ছিলেন এই জার্মান মাস্টারমাইন্ড। তিনি গণমাধ্যমকে বলেন, 'বল পায়ে রেখে আমরা আজ ভালো খেলতে পারিনি। আমরা অনেকবার বলের দখল হারিয়েছি এবং প্রচুর ভুল করেছি।'

প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে তার ভাষ্য, 'নিউক্যাসল ঠিক এটাই চেয়েছিল। তারা এমন একটি দল, যারা প্রতিপক্ষের ভুলের সুযোগ নেয় এবং ট্রানজিশনে দ্রুত আক্রমণ করে। তবে একটা বিষয়ে আমি সন্তুষ্ট। আমরা দলগতভাবে রক্ষণ সামলেছি এবং রক্ষণভাগে আমাদের পারফরম্যান্স ভালো ছিল।'

ম্যাচের তীব্রতা নিয়ে ফ্লিক যোগ করেন, 'আজকের ম্যাচটি ছিল অত্যন্ত কঠিন ও গতিময়। যখন আমাদের পায়ে বল ছিল, তখন খেলা কিছুটা সহজ মনে হচ্ছিল। কিন্তু সেই সময়টা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমরা এই ফলাফল মেনে নিচ্ছি। ভুলগুলো বিশ্লেষণ করে পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা করব।'

আগামী ১৮ মার্চ ফিরতি লেগের লড়াইয়ে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে এই দুই দল। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে ঘরের মাঠে বার্সেলোনাকে যে আরও ক্ষুরধার ফুটবল খেলতে হবে, সেই বার্তাই যেন দিয়ে রাখলেন বার্সা কোচ ফ্লিক।