বার্সেলোনার সভাপতি হিসেবে আবারও লাপোর্তা

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনার সভাপতি হিসেবে আরও পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্তকে বড় ব্যবধানে হারিয়ে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির নেতৃত্বে থাকার ম্যান্ডেট পেয়েছেন তিনি।

৬৩ বছর বয়সী লাপোর্তা এর আগেও ২০২১ সালের নির্বাচনে ফন্তকে হারিয়ে সভাপতির দায়িত্ব নেন। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেছিলেন। আগামী জুলাইয়ে আবারও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

নির্বাচনে বার্সেলোনার মোট সদস্যের প্রায় ৪২ শতাংশ ভোট দেন, যা সংখ্যায় প্রায় ৪৮ হাজার ৪৮০। এর মধ্যে লাপোর্তা পান ৬৮.১৮ শতাংশ ভোট, যেখানে ফন্তের ঝুলিতে যায় ২৯.৭৮ শতাংশ।

ফল ঘোষণার পর লাপোর্তা বলেন, 'এই ফল আমাদের ভীষণ আনন্দিত করেছে এবং আমাদের অনেক শক্তি দিয়েছে, এতটাই যে আমরা প্রায় বাকরুদ্ধ। কেউ আমাদের থামাতে পারবে না। সামনে বার্সেলোনার জন্য রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।'

পুনর্নির্বাচিত সভাপতি জানান, আগামী সময়ে ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য হবে আংশিকভাবে পুনর্নির্মাণাধীন ন্যু ক্যাম্প স্টেডিয়ামের কাজ শেষ করা। নতুন পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে এই প্রকল্প সম্পন্ন হওয়ার কথা, যা নির্ধারিত সময়ের চেয়ে এক বছর পিছিয়েছে।

এছাড়া ক্লাবকে বাইরের বিভিন্ন চাপ ও সমালোচনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রক্ষা করার বিষয়েও গুরুত্ব দেন লাপোর্তা। তিনি বলেন, 'ক্লাবের সদস্যরা আমাদের সেই প্রস্তাবেই ভোট দিয়েছেন, সবাই মিলে বার্সাকে রক্ষা করা।'

গত মৌসুমে কোচ হ্যান্সি ফ্লিক ও ক্রীড়া পরিচালক ডেকোর অবদানে ঘরোয়া ট্রেবল জয়ের জন্য তাদের ধন্যবাদ জানান লাপোর্তা।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন লাপোর্তা। সেই সময়ই বার্সেলোনার স্বর্ণযুগের সূচনা হয় ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোর আগমন,  কিংবদন্তি লিওনেল মেসির উত্থান এবং কোচ পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে ঐতিহাসিক ট্রেবল জয়ের মতো সাফল্য আসে।

নির্বাচনের দিনে দলের ৫–২ গোলের জয়ের পর বেশ কয়েকজন ফুটবলারও ভোট দিতে আসেন। সাবেক মিডফিল্ডার সের্জিও বুস্কেতস, বার্সা ফেমেনির তারকা আইতানা বোনমাতি এবং সাবেক কোচ জাভি হার্নান্দেজ সহ অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেন।

লাপোর্তার বর্তমান মেয়াদে আর্থিক সংকটের মধ্যেও ক্লাবকে টিকিয়ে রাখা, ২০২৩ ও ২০২৫ সালে লা লিগা জেতা এবং ইউরোপে আবারও শক্ত অবস্থানে ফেরানোর কৃতিত্বও উল্লেখযোগ্য। কোচ ফ্লিকের অধীনে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছায় কাতালান ক্লাবটি, যা ২০১৯ সালের পর প্রথম।

পরাজিত প্রার্থী ফন্ত অবশ্য নির্বাচনী প্রক্রিয়ায় আরও আধুনিক পদ্ধতি আনার দাবি জানিয়েছেন। বিশেষ করে কাতালোনিয়ার বাইরে থাকা সদস্যদের জন্য ডাকযোগে বা অনলাইনে ভোট দেওয়ার সুযোগ চালুর ওপর জোর দেন তিনি।