চ্যাম্পিয়ন্স লিগে বদলে যায় রিয়াল: ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের রাত নামলেই যেন এক অদ্ভুত রূপ নেয় রিয়াল মাদ্রিদ। ইতিহাস, ঐতিহ্য আর অদম্য মানসিকতার মিশেলে তারা হয়ে ওঠে ভিন্ন এক দল। আর সেই রূপেরই প্রতিচ্ছবি যেন ফুটে উঠল ভিনিসিয়ুস জুনিয়রের কণ্ঠে, 'এই প্রতিযোগিতায় রিয়াল খেললেই সবকিছু বদলে যায়।'

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর এই ব্রাজিলিয়ান তারকা জানালেন, চ্যাম্পিয়ন্স লিগে নামলেই যেন বদলে যায় খেলোয়াড়-সমর্থক সবকিছুই। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ জয়ের মাধ্যমে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি।

তবে এই টাইয়ের ভিত গড়ে গিয়েছিল আগেই। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয়ই মূলত পথ সহজ করে দেয় স্প্যানিশ জায়ান্টদের। ফলে ইতিহাদের লড়াই ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা, যদিও সিটি চেষ্টা করেছিল অসম্ভবকে সম্ভব করতে।

'আমরা সবাই জানি, ভালো সময়টা সামনে আসছে। আর যখন রিয়াল এই প্রতিযোগিতায় খেলে, তখন সবকিছুই বদলে যায়। সমর্থক বদলে যায়, খেলোয়াড় বদলে যায়। আমরা আরও বড় কিছুর জন্য প্রস্তুত,' বলেছেন ভিনিসিয়ুস।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় খুব দ্রুতই। মাত্র ২০ মিনিটে হ্যান্ডবলের জন্য লাল কার্ড দেখেন অধিনায়ক বের্নার্দো সিলভা। সেই সুযোগে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস।

প্রথমার্ধে আর্লিং হালান্ড সমতা ফেরালেও শেষ হাসি হাসেন ভিনিসিয়ুসই। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়কে দলের আত্মবিশ্বাসের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন তিনি, 'মৌসুমজুড়ে আমরা ভালো খেলেছি, কিন্তু এই টাইয়ের মতো নিয়ন্ত্রণ খুব কমই ছিল। ওরা দারুণ দল, দারুণ কোচের অধীনে খেলে। অনেক সময় বল তাদের দখলে ছিল, কিন্তু আমরা জানতাম কীভাবে সুযোগ নিতে হয়।'

এবার সামনে আরও কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, আর সেমিফাইনালে অপেক্ষা করতে পারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।