চোট নিয়ে পর্তুগালের স্কোয়াড থেকে ছিটকে গেলেন রোনালদো
হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। বিশ্বকাপের দুই সহ-আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই মাসেই অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি তাকে।
৪১ বছর বয়সী এই তারকা গত ফেব্রুয়ারির শেষদিক থেকে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে আর মাঠে নামতে পারেননি। তবে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ আশ্বস্ত করেছেন যে, রেকর্ড ষষ্ঠবারের মতো রোনালদোর বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।
এক সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, 'এটি একটি সামান্য চোট।' তাই আশা করা যাচ্ছে, এক বা দুই সপ্তাহের মধ্যেই পাঁচবারের ব্যালন দি'অর জয়ী এই ফরোয়ার্ড মাঠে ফিরবেন।
তিনি যোগ করেন, 'এই মৌসুমে ক্রিস্তিয়ানো শারীরিকভাবে যা করে দেখিয়েছেন, তা প্রমাণ করে যে, তিনি চমৎকার ফর্মে আছেন এবং তার বড় কোনো শারীরিক সমস্যা নেই।'
বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে মার্তিনেজ বলেন, 'বিশ্বকাপে সেন্টার-ফরোয়ার্ড পজিশনটি ক্রিস্তিয়ানো রোনালদো ও গনসালো রামোসের জন্যই বরাদ্দ। আমরা এখন ভিন্ন প্রোফাইলের তৃতীয় একজন স্ট্রাইকার খুঁজছি।'
আগামী ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল। এর তিন দিন পর আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে তারা।
পর্তুগালের কোচ বলেন, 'পরীক্ষা-নিরীক্ষা করার এটাই শেষ সুযোগ। কারণ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটাই আমাদের শেষ প্রস্তুতি ক্যাম্প।'
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে 'কে' গ্রুপে রয়েছে পর্তুগাল। এই গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান। গ্রুপের চতুর্থ দলটি আসবে প্লে-অফ থেকে। অর্থাৎ নিউ ক্যালেডোনিয়া, জ্যামাইকা বা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর খেলার সম্ভাবনা রয়েছে।
পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা।
রক্ষণভাগ: মাথেউস নুনেস, দিয়োগো দালত, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, আন্তোনিও সিলভা, তমাস আরাউহো।
মাঝমাঠ: রুবেন নেভেস, সামু কস্তা, মাথেউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা।
আক্রমণভাগ: রিকার্দো হোর্তা, পেদ্রো গনসালভেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গনসালো গেদেস, গনসালো রামোস।