‘এক পায়ে খেলা নেইমারও অন্যদের চেয়ে সেরা’, আনচেলত্তিকে ধুয়ে দিলেন রোনালদিনহো
ব্রাজিল জাতীয় দলে নেইমারকে না রাখায় কোচ কার্লো আনচেলত্তির কঠোর সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তার মতে, এক পায়ে খেলা নেইমারও বর্তমান ব্রাজিল দলের অধিকাংশ খেলোয়াড়ের চেয়ে ভালো।
সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী এই সাবেক বার্সা ও মিলান তারকা তার ক্ষোভ উগরে দেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য নেইমারকে দলে না ডাকার সিদ্ধান্তে রীতিমতো হতাশ 'দ্য ম্যাজিশিয়ান'।
সান্তোসের ৩৪ বছর বয়সী উইঙ্গার নেইমারকে নিয়ে রোনালদিনহো বলেন, ‘নেইমার বর্তমানে এক পায়ে খেলেও বেশিরভাগ ব্রাজিলিয়ান ফুটবলারের চেয়ে ভালো। সত্যি বলতে, ব্রাজিল দলের খেলা দেখে এখন আর আগের মতো রোমাঞ্চ পাই না। নেইমারকে অবশ্যই বিশ্বকাপের দলে রাখতে হবে।’
২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের শেষ অধ্যায়। তবে টুর্নামেন্ট যত ঘনিয়ে আসছে, দলে জায়গা পাওয়ার সুযোগ ততই কঠিন হয়ে পড়ছে তার জন্য। বিষয়টি নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে দল থেকে বাদ পড়া নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন খোদ নেইমারও। নিজের মনের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি হতাশ এবং ব্যথিত।’
সম্প্রতি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের দলে নেইমারকে ছাড়াই দল ঘোষণা করেন আনচেলত্তি। বিশ্বকাপের আগে ব্রাজিলের বড় ম্যাচ আর নেই। এই দুই ম্যাচে নেইমারকে না রাখা তাই বিশ্বকাপ ভাবনার প্রতিফলন মনে করা হচ্ছে।