ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল
আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে বড় ধরনের হোঁচট খেল ব্রাজিল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন। আগামী সপ্তাহে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সেলেসাওদের, কিন্তু গুরুত্বপূর্ণ এই সময়ে দলের এক নম্বর গোলরক্ষককে পাচ্ছে না তারা।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ইনজুরির কারণে আলিসন মাঠের বাইরে থাকবেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শুরুতে তাকে দলে রাখলেও এখন তার পরিবর্তে করিন্থিয়ানসের গোলরক্ষক হুগো সুজাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। ৩৩ বছর বয়সী আলিসন শুধু জাতীয় দল নয়, তার ক্লাব লিভারপুলের হয়েও আগামী ম্যাচে খেলতে পারবেন না। চলতি মৌসুমে বারবার ইনজুরিতে ভোগা এই গোলরক্ষক এর আগেও হ্যামস্ট্রিং সমস্যার কারণে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন।
আলিসনের অনুপস্থিতি ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। বিশেষ করে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তার অভিজ্ঞতা দলের জন্য বেশ প্রয়োজন ছিল।