লিভারপুল অনেক বেশি পয়েন্ট হারাচ্ছে: স্লট
শনিবার প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ২-১ ব্যবধানে হেরেছে লিভারপুল। তবে এই হারের পর কোনো বাড়তি চাপ অনুভব করছেন না দলটির ম্যানেজার আর্নে স্লট। ২০১৫-১৬ মৌসুমের পর এই প্রথম এক মৌসুমে ১০টি লিগ ম্যাচ হারল অলরেডরা।
অ্যামেক্স স্টেডিয়ামে ব্রাইটনের দাপটের সামনে কার্যত অসহায় ছিল সফরকারীরা। এই হারের ফলে শেষ তিন ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। লিগ টেবিলে তারা বর্তমানে পঞ্চম স্থানে থাকলেও, টানা পয়েন্ট হারানোয় তাদের অবস্থান এখন ঝুঁকির মুখে।
টিএনটি স্পোর্টসকে স্লট বলেন, ‘লিভারপুলের মতো ক্লাবে চাপ সবসময়ই থাকে। আমার ওপর কিংবা খেলোয়াড়দের ওপর চাপ থাকাটা খুবই স্বাভাবিক। আমরা এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছি ঠিকই, তবে লিগেও আমাদের লক্ষ্য নিশ্চিত করতে হবে যাতে শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করতে পারি।’
স্লট আরও যোগ করেন, ‘ব্রাইটনের মাঠে খেলা সবসময়ই কঠিন। তবে টটেনহ্যামের বিপক্ষে গত সপ্তাহের ম্যাচের মতো কিছু জায়গায় আমাদের পয়েন্ট পাওয়া উচিত ছিল। সেটি ছিল বেশি অগ্রহণযোগ্য। লিভারপুলের মতো দলের উচিত ব্রাইটনের মাঠ থেকেও ইতিবাচক ফলাফল নিয়ে আসা।’
চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারায়কে ৪-০ গোলে হারানোর রেশ কাটতে না কাটতেই এই হার। দলের পারফরম্যান্সে ইউরোপীয় প্রতিযোগিতার ধকল স্পষ্ট। এ প্রসঙ্গে স্লট বলেন, ‘ইউরোপে খেলার পর আমরা অনেক পয়েন্ট হারিয়েছি। আমি এর কারণ অনেকবার ব্যাখ্যা করেছি, তবে ব্রাইটনকেও কৃতিত্ব দিতে হবে। বিরতির পর তারাই ভালো খেলেছে।’
ম্যাচের আগে মোহাম্মদ সালাহ ও গোলরক্ষক অ্যালিসনের চোট এবং খেলার শুরুতে স্ট্রাইকার হুগো একিটিকের মাঠ ছাড়ার বিষয়টিও স্লটকে ভাবিয়ে তুলেছে। একিটিকের চোট প্রসঙ্গে তিনি বলেন, ‘তার মাঠ ছাড়তে হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে আশা করছি সে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যায়নি।’