মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এশিয়ান কাপের ড্র স্থগিত

স্পোর্টস ডেস্ক

​আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই তথ্য  জানিয়েছে।

আগামী ১১ এপ্রিল সৌদি আরবের রিয়াদে এই ড্র অনুষ্ঠানের কথা ছিল। ​সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতেই' এই আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই ড্রয়ের নতুন তারিখ জানানো হবে।

​প্রায় এক মাস আগে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই অঞ্চলে যে অস্থিরতা শুরু হয়েছে, তার প্রভাবে ইতোমধ্যে বেশ কিছু খেলাধুলা ও বড় আয়োজন স্থগিত বা বাতিল করা হয়েছে।

​২৪ দলের এই মহাদেশীয় টুর্নামেন্টটি এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

​বর্তমান চ্যাম্পিয়ন কাতার ইতোমধ্যে চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে আরও রয়েছে চারবারের শিরোপাজয়ী জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান।

​তবে এএফসি গত মঙ্গলবার নিশ্চিত করেছে যে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ইলাইটের শেষদিকের ম্যাচগুলো আগের পরিকল্পনা অনুযায়ী জেদ্দায় অনুষ্ঠিত হবে। খেলাগুলো চলবে ১৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।