টানা দুই বিশ্বকাপ জয়ের স্বপ্নে আর্জেন্টিনা
টানা দুইবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা, আর সেই স্বপ্নের কথাই এবার প্রকাশ্যে বললেন নিকোলাস তাগলিয়াফিকো। আবারও বিশ্বসেরা হওয়া তাদের জন্য 'একটি স্বপ্ন' বলেই জানিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন দলের এই ডিফেন্ডার। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে চাই ধাপে ধাপে এগোতে।
চার বছর আগে কাতারে লিওনেল মেসির অনুপ্রেরণায় শিরোপা জয়ের পর এবারও ফেভারিটদের তালিকায় রয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও শীর্ষে থেকে দুর্দান্ত ফর্ম নিয়েই বিশ্বকাপে যাচ্ছে তারা।
তাগলিয়াফিকোর মতে, 'পরপর দুইবার বিশ্বকাপ জেতা অবশ্যই একটি স্বপ্ন। ব্রাজিল ও ইতালিই একমাত্র দল যারা এটা করতে পেরেছে, তাও অনেক আগে। তবে আমাদের লক্ষ্য থাকতে হবে প্রতিদিনের কাজের ওপর, ম্যাচ বাই ম্যাচ এগোনো, কারণ শেষ পর্যন্ত সেটাই ফল এনে দেবে।'
ইতিহাস বলছে, সর্বশেষ টানা দুই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে। এর আগে ১৯৩৪ ও ১৯৩৮ সালে একই কীর্তি গড়েছিল ইতালি।
বর্তমান আর্জেন্টিনা দলে এখনো কাতারজয়ী স্কোয়াডের বেশিরভাগ সদস্য রয়েছেন। তবে নতুন কিছু তরুণ মুখও জায়গা করে নিচ্ছেন দলে। নিকোলাস পাজ, মার্কোস সেনেসি এবং ভ্যালেন্তিন বার্কোদের মতো তরুণরা দলে এনেছেন নতুন উদ্দীপনা।
যদিও দুঃসংবাদও আছে। ফরাসি লিগের শীর্ষ গোলদাতাদের একজন হোয়াকিন প্যানিচেল্লি অনুশীলনে হাঁটুর গুরুতর চোটে পড়েছেন। ধারণা করা হচ্ছে, তার এসিএল ছিঁড়ে গেছে, ফলে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
দলের ভারসাম্য নিয়ে তাগলিয়াফিকো বলেন, 'তরুণ আর অভিজ্ঞদের মিশ্রণে দলটি গড়ে উঠেছে। হয়তো কেউ কেউ কম অভিজ্ঞ, কিন্তু তাদের উদ্দীপনা ও জাতীয় দলের জার্সি পরার আকাঙ্ক্ষা অনেক বেশি।'
তবে এবার বিশ্বকাপের চ্যালেঞ্জটা ভিন্ন হবে বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাজুড়ে বিস্তৃত ৪৮ দলের এই আসর আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর আরলিংটনে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে তারা।