১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে নামে-ভারে যোজন যোজন পিছিয়ে আফ্রিকার দল মৌরিতানিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা যেখানে তিনে, মৌরিতানিয়ার অবস্থান ১১৫তম স্থানে। তবে ১১২ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে গোল উৎসব করতে পারেনি আর্জেন্টিনা; জিতেছে অল্প ব্যবধানে।
নিজেদের ঘরের মাঠ বুয়েন্স এইরেসের বোমবোনেরায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেরা জিতেছে ২-১ ব্যবধানে। দলের হয়ে গোল দুটি করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ। প্রতিপক্ষের একমাত্র গোলদাতা জর্ডান লেফোর্ট।
এদিন দলের সেরা তারকা লিওনেল মেসিকে শুরুতে মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। তবে তাকে ছাড়াই দুই গোল আদায় করে নেয় তারা। ১৭তম মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩২তম মিনিটে নিকো পাজ ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক কার্লিং শটে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে মেসির আগমন ঘটলেও দলের খেলায় কিছুটা ছন্দপতন ঘটে। বিরতির পর আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি। ইন্টার মায়ামি তারকার একমাত্র প্রচেষ্টাটি গোলরক্ষক আটকে দেন। অন্যদিকে মৌরিতানিয়া ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় এবং এমিলিয়ানো মার্টিনেজকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে। ম্যাচের একদম শেষ মুহূর্তে বক্সের ভেতর জটলা থেকে জর্ডান লেফোর্ট একটি গোল শোধ করে রোমাঞ্চ তৈরি করেন।
আগামী ৩১শে মার্চ একই ভেন্যুতে জাম্বিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ অভিযানের আগে আলবিসেলেস্তেদের সেটাই শেষ হোম ম্যাচ।