রদ্রি কি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন? যা বলছেন গার্দিওলা
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে নিয়ে দলবদলের বাজারে নতুন জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের প্রতি রদ্রির আগ্রহ এবং সেই বিষয়ে কোচ পেপ গার্দিওলার নমনীয় অবস্থান ফুটবল প্রেমীদের মনে বড় প্রশ্ন জাগিয়েছে—তবে কি রদ্রি সত্যিই সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমাচ্ছেন?
সম্প্রতি চেলসি তারকা এঞ্জো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বিপাকে পড়েছেন। চেলসির কোচ লিয়াম রোজেনিয়ার শুক্রবার জানান, এঞ্জো চেলসির পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না। কারণ সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বিরতির সময় তার করা মন্তব্য ‘সীমা অতিক্রম’ করেছে।
তবে গার্দিওলা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এমন কঠোর পথে হাঁটবেন না। গার্দিওলার মতে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার সুযোগ কেউ সহজে হাতছাড়া করতে চায় না, বিশেষ করে রদ্রির মতো একজন স্প্যানিশ ফুটবলারের জন্য এটি বড় এক আবেগ।
রদ্রির দলবদল প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘মাদ্রিদে খেলার সুযোগ ফিরিয়ে দেবে এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। আমার ইচ্ছা সে দীর্ঘ সময় আমাদের সঙ্গেই থাকুক। কিন্তু দিনশেষে প্রত্যেকের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত তার নিজের। ক্লাবের সংগঠন আমাদের সবার উপরে। যদি কোনো খেলোয়াড় এখানে খুশি না থাকে, তবে সে চলে যেতে পারে। তবে আমার বিশ্বাস রদ্রি এখানে খুশি আছে।’
২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে আগামী গ্রীষ্মেই তিনি চুক্তির শেষ বছরে পা রাখবেন। ক্লাব কর্তৃপক্ষ তাকে ধরে রাখতে মরিয়া হলেও গার্দিওলার কথায় কিছুটা অনিশ্চয়তার সুর পাওয়া গেছে। তিনি বলেন, ‘ক্লাব চায় সে থাকুক। আমি সব সময় ইতিবাচক থাকি, তবে শেষ পর্যন্ত কী হবে তা আমি জানি না।’
এখন দেখার বিষয়, ফুটবল ডিরেক্টর হুগো ভিয়ানা রদ্রিকে নতুন চুক্তিতে স্বাক্ষর করাতে পারেন কি না, নাকি রদ্রি তার শৈশবের দেশের ক্লাবের টান অনুভব করে রিয়াল মাদ্রিদেই নাম লেখান।