বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় ইরান

স্পোর্টস ডেস্ক

ইরান জাতীয় ফুটবল দল আসন্ন বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে দেশটির সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফার উত্তরের ওপর ভিত্তি করে। ভেন্যু স্থানান্তরের বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কাছ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি।

ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের জন্য জোরালো দাবি জানিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে মার্কিন সামরিক সংশ্লিষ্টতার কারণ দেখিয়ে এই দাবি তোলা হয়েছে। গত মাসে এফএফআইআরআই জানিয়েছিল, তারা ভেন্যু পরিবর্তনের বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে। ইতোমধ্যে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 'শত্রু' হিসেবে বিবেচিত দেশগুলোতে জাতীয় ও ক্লাব পর্যায়ের সকল ক্রীড়া দলের সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে জানিয়েছেন, ইরানের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে দুনিয়ামালি বলেন, 'ইরানের খেলাগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে আমাদের অনুরোধ এখনও বহাল আছে। কিন্তু আমরা এখনও কোনো সাড়া পাইনি।'

তিনি আরও বলেন, 'আমাদের দাবি মেনে নেওয়া হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে। তবে ফিফা এখনও কোনো জবাব দেয়নি। ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি ফুটবল ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে জাতীয় দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখছি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের সরকার।'

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ইরান তাদের 'জি' গ্রুপের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে লড়াই করার পর সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের। তবে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের জাতীয় দল যুক্তরাষ্ট্রে খেলতে স্বাগত হলেও বর্তমান পরিস্থিতিতে সেটি তাদের 'জীবন ও নিরাপত্তার' জন্য উপযুক্ত নাও হতে পারে।

পরবর্তীতে তিনি স্পষ্ট করেছিলেন, খেলোয়াড়দের প্রতি কোনো সম্ভাব্য হুমকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে না। দুনিয়ামালি এই বিষয়ে যোগ করেন, 'ফিফার বিধি অনুযায়ী, আয়োজক দেশকে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তবে বিশ্বকাপ খুব সন্নিকটে, আর এই অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়াটা প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপ ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যদি যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, তবেই আমাদের সরকার অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

এই বিষয়ে ই-মেইলের মাধ্যমে মন্তব্য জানতে চাওয়া হলেও ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।