মেসিকে ছাড় দিচ্ছেন না হোয়োস

স্পোর্টস ডেস্ক

নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন গুইলার্মো হোয়োস। একসময় যাকে হাত ধরে পথ দেখিয়েছিলেন, আজ সেই লিওনেল মেসিকেই নতুন করে শাসন করার দায়িত্ব তার কাঁধে। তবে আবেগ আর দায়িত্ব এই দুইয়ের ভারসাম্য ঠিক রাখতে চান তিনি।

মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি বুধবার হোয়োসকে নতুন কোচ হিসেবে উন্মোচন করেছে। এর আগে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করা এই আর্জেন্টাইন দায়িত্ব নিয়েছেন হ্যাভিয়ার মাশচেরানোর জায়গায়, যিনি ব্যক্তিগত কারণে মাত্র চার মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দেন। যদিও তার অধীনেই ক্লাবটি জিতেছিল প্রথম এমএলএস কাপ শিরোপা।

৬২ বছর বয়সী হোয়োসের সঙ্গে মেসির সম্পর্ক আজকের নয়। দুই দশকেরও বেশি আগে বার্সেলোনার যুব দলে মেসির অন্যতম পথপ্রদর্শক ছিলেন তিনি। সেই সম্পর্ক এখনও অটুট, কিন্তু কোচ হিসেবে দায়িত্ব নিতে গিয়ে তিনি পরিষ্কার করে দিয়েছেন, বন্ধুত্ব কখনোই পেশাদারিত্বের পথে বাধা হবে না।

প্রথম সংবাদ সম্মেলনে হোয়োস বলেন, 'বন্ধুত্ব অমূল্য, এটা নিয়ে কোনো আলোচনা নেই। আমাদের সম্পর্ক বহু বছরের। কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে সবসময় ছাড় দেব বা প্রতিদিন তাকে ঘিরে রাখব।' বরং ইঙ্গিত স্পষ্ট। মেসিকে দলের অন্যদের মতোই কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে।

ক্লাবের প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল, হোয়োস আপাতত ‘আগামী ম্যাচগুলোতে’ দায়িত্ব পালন করবেন। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রধান কোচ হিসেবেই উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বছরের মাঝামাঝি পর্যন্তই তিনি দায়িত্বে থাকবেন, এরপর লিগস কাপের আগে নতুন কোচিং কাঠামো গড়ে তোলা হবে।

চলতি মৌসুমে সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। দলে সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে মেসি, ২০২২ বিশ্বকাপজয়ী এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার ওপরই ভর করে ক্লাবের স্বপ্ন বোনা।