টানা দ্বিতীয়বার লিগ ওয়ানের সেরা ফুটবলার দেম্বেলে

টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজিকে আবারও ফরাসি লিগ শিরোপার খুব কাছে নিয়ে যাওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছেন এই ফরাসি তারকা।

২৮ বছর বয়সী দেম্বেলে এই কীর্তি গড়া ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার। সর্বশেষ টানা দুইবার এই পুরস্কার জিতেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ, ২০১৪ সালে।

গত বছর দেম্বেলে এই পুরস্কার জিতেছিলেন কিলিয়ান এমবাপের উত্তরসূরি হিসেবে। এমবাপে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে টানা পাঁচবার জিতেছিলেন লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

পুরস্কার জয়ের পর দেম্বেলে বলেন, 'এটি ব্যক্তিগত পুরস্কার, কিন্তু আমি যত ব্যক্তিগত অর্জন পেয়েছি, সবই এই দলের কারণেই সম্ভব হয়েছে।'

চলতি মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে দেম্বেলেকে। সে কারণে লিগ ওয়ানে মাত্র ৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। মাঠে কাটিয়েছেন ৯৬০ মিনিট, যেখানে গত মৌসুমে খেলেছিলেন ১ হাজার ৭৩৬ মিনিট এবং শুরু করেছিলেন ২০ ম্যাচ।

তবে কম সময় খেলেও প্রভাব কমেনি তার। এবারও করেছেন ১০ গোল ও ৬ অ্যাসিস্ট। যদিও গত মৌসুমে তার গোল ছিল ২১টি, সঙ্গে ছিল ৮ অ্যাসিস্ট।

এদিকে রোববার ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে আরও একটি লিগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে পিএসজি। নিকটতম প্রতিদ্বন্দ্বী লঁসের চেয়ে এখন তারা ৬ পয়েন্ট এগিয়ে। বাকি আছে মাত্র দুটি ম্যাচ।

বুধবার দ্বিতীয় স্থানে থাকা লঁসের মাঠে হার এড়াতে পারলেই টানা পঞ্চমবারের মতো ফরাসি চ্যাম্পিয়ন হবে পিএসজি। গত ১৪ মৌসুমে এটি হবে তাদের ১২তম লিগ শিরোপা।

শুধু দেশীয় মঞ্চেই নয়, ইউরোপেও দারুণ ছন্দে রয়েছে দলটি। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে লুইস এনরিখের দল। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আর্সেনাল।

এদিকে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন দেম্বেলের সতীর্থ দেজিরে দুয়ে। আর লঁসকে পিএসজির প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত করায় মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পিয়ের সাজ।