টানা পঞ্চমবার ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক

ফরাসি লিগ ওয়ানের শিরোপা আবারও উঠল পিএসজির হাতে। বুধবার লঁসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি।

ম্যাচে জয়ের ভিত গড়ে দেন খভিচা কাভারাতসখেলিয়া। প্রথমার্ধের শেষ দিকে গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ান তারকা। পরে যোগ করা সময়ে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ব্যবধান দাঁড়ায় ৯-এ, যা আর পেরোনোর সুযোগ নেই দ্বিতীয় স্থানে থাকা লঁসের।

গত সপ্তাহেই ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে কার্যত শিরোপা নিশ্চিত করে ফেলেছিল লুইস এনরিখের দল। লঁসের বিপক্ষে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষাই ছিল।

এ নিয়ে মোট ১৪তম ফরাসি লিগ শিরোপা জিতল পিএসজি, যা ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে গত ১৪ মৌসুমে ১২ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। কাতারি মালিকানার অধীনে ক্লাবটির আধিপত্য আরও স্পষ্ট হয়েছে এই সময়ে।

লিগ ওয়ানে টানা পাঁচটি শিরোপা জয়ের কীর্তি সর্বশেষ গড়েছিল লিওঁ। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

চলতি মৌসুমে এরই মধ্যে উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে পিএসজি। সামনে আরও বড় সম্ভাবনাও অপেক্ষা করছে।

৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ জিততে পারলে আধুনিক যুগে টানা দুইবার ইউরোপিয়ান কাপ জেতা মাত্র দ্বিতীয় দল হবে পিএসজি।

ম্যাচ শেষে উসমান দেম্বেলে বলেন, 'আমরা এখানে জিততে এসেছিলাম, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৩০ মে’র ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করা। এখনও একটি ম্যাচ বাকি আছে, এরপর আমরা এই শিরোপা উদযাপন করব।'

এদিকে লঁস নিশ্চিত করেছে লিগের দ্বিতীয় স্থান। ফলে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে দলটি। পাশাপাশি আগামী ২২ মে ফরাসি কাপের ফাইনালে নিসের মুখোমুখি হবে তারা।