কুমিল্লায় উত্তাপ ছড়াচ্ছে লিগ শিরোপার লড়াই

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শিরোপা দৌড় এসে ঠেকেছে শেষ বাঁকে। আর সেই নাটকীয় লড়াইয়ের কেন্দ্রবিন্দু আজ কুমিল্লা। আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস মুখোমুখি হচ্ছে লিগের শেষের আগের রাউন্ডে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি কার্যত নির্ধারণ করে দিতে পারে এবারের চ্যাম্পিয়নের নাম।

১০ দলের লিগে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। ফলে সমীকরণও স্পষ্ট, আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করবে কিংস। আর আবাহনী জিতলে শেষ ম্যাচের আগে শিরোপার নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতে।

২০১৭-১৮ মৌসুমে শেষবার লিগ জেতার পর থেকেই আবাহনীর আধিপত্যে ভাটা পড়ে। সেই সুযোগে টানা সাফল্যে দেশের ফুটবলে নতুন শক্তি হিসেবে উঠে আসে বসুন্ধরা কিংস। এবার আবাহনী যেন আবারও পুরনো গৌরব ফেরানোর স্বপ্ন দেখছে।

কিংস কোচ বিএ জুবায়ের নিপু ম্যাচটিকে দেখছেন ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে। তার ভাষায়, প্রথম পর্বে পিছিয়ে থেকেও আবাহনী যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে ম্যাচটি হয়ে উঠেছে দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ।

পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে কিংসকে। বাংলাদেশ ফুটবল লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে দুই দলের ২১ দেখায় ১৫ বার জিতেছে বসুন্ধরা কিংস, আবাহনীর জয় মাত্র চারটি। বাকি দুটি ম্যাচ ড্র। সর্বশেষ লিগ সাক্ষাৎ অবশ্য ২-২ সমতায় শেষ হয়েছিল।

নিপু আরও জানিয়েছেন, অতীতের সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। জাতীয় দলের ১২ ফুটবলার থাকা তার দল আগামী পাঁচ দিনের মধ্যে লিগ ও ফেডারেশন কাপ, দুই শিরোপাই জিততে দৃঢ়প্রতিজ্ঞ।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুটা চাপে আছে কিংস। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না উইঙ্গার রাকিব হোসেন। এছাড়া বকেয়া বেতনের জটিলতায় দলে নেই নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে ও  ইমানুয়েল টনি। তবু আশা জাগাচ্ছেন লিগের সর্বোচ্চ গোলদাতা দোরিয়েলতন গোমেজ। ১৬ গোল করা এই ব্রাজিলিয়ান বড় ম্যাচে ধারাবাহিকভাবেই জ্বলে উঠেছেন।

অন্যদিকে আবাহনী আছে দুর্দান্ত ছন্দে। দ্বিতীয় পর্বে টানা সাত জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে দলটির। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, ম্যাচ ধরে ধরে এগোচ্ছে তার দল এবং লক্ষ্য পূরণে শতভাগ প্রস্তুত তারা।