ম্যানচেস্টার সিটি ছাড়ার খবর নিশ্চিত করলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগকে আমূল বদলে দেওয়া এবং ট্রফিতে ঠাসা একটি দশক কাটানোর পর পেপ গার্দিওলা দিলেন বিদায়ের ঘোষণা। চলমান ২০২৫-২৬ মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন ৫৫ বছর বয়সী এই তারকা স্প্যানিশ কোচ।

শুক্রবার এক বিবৃতিতে সিটিজেনদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন গার্দিওলা। গত ১০ মৌসুমে ক্লাবটিকে ২০টি ট্রফি জিতিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ এবং ম্যান সিটির ইতিহাসের একমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এই মৌসুমে প্রিমিয়ার লিগ জিততে না পারলেও ঘরোয়া দুটি কাপ (এফএ কাপ ও কারাবাও কাপ) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা।

গার্দিওলা বলেছেন, বিদায় নেওয়ার জন্য এটাই উপযুক্ত সময় মনে হয়েছে তার, 'আমরা একসাথে কী দারুণ সময়টাই না কাটিয়েছি! আমার চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করবেন না। কোনো নির্দিষ্ট কারণ নেই, তবে মনের গভীর থেকে আমি জানি যে, এটাই আমার চলে যাওয়ার সঠিক সময়। কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি হতো, তবে আমি এখানেই থেকে যেতাম। তবে ম্যানচেস্টার সিটি নিয়ে আমার অনুভূতি, এখানকার লোকজন, তাদের স্মৃতি ও এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা— সেসব চিরকাল অমর হয়ে থাকবে।'

আগামী রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শেষবারের মতো সিটির ডাগআউটে দেখা যাবে গার্দিওলাকে। তবে কোচের পদ ছাড়লেও তিনি সিটি ফুটবল গ্রুপের (সিএফজি) দূত হিসেবে বিশ্বজুড়ে কাজ চালিয়ে যাবেন।

গার্দিওলার ক্লাব ছাড়ার খবরটি প্রথম গণমাধ্যমে উঠে আসে গত সোমবার। তখন অবশ্য বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি। এর ২৪ ঘণ্টা পরই সিটিকে টপকে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় আর্সেনাল। জোর গুঞ্জন চলছে যে, ইতিহাদে নতুন কোচ হতে যাচ্ছেন চেলসির সাবেক ইতালিয়ান কোচ এনজো মারেস্কা। তিনি ২০২২-২৩ মৌসুমে সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন। ওই মৌসুমে 'ট্রেবল' (প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ) জিতেছিল দলটি।

ইউরোপের অন্যতম সফল কোচ হিসেবেই ২০১৬ সালে ইংল্যান্ডে পা রেখেছিলেন গার্দিওলা। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার মৌসুম নিজের শৈশবের ক্লাব বার্সেলোনার দায়িত্বে ছিলেন। কাতালানদের দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা জিতিয়ে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান। এরপর বায়ার্নের হয়ে তিন মৌসুমে সাফল্যের মুকুটে যোগ করেন তিনটি বুন্দেসলিগা শিরোপা।

সিটি যখন গার্দিওলাকে প্রিমিয়ার লিগে নিয়ে এসেছিল, তখনও ধারণা করা হয়েছিল, তিনি হয়তো অল্প সময়ই থাকবেন। তবে গত ১০ বছরে তার ফুটবল দর্শন ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের প্রতিটি স্তরকে বদলে দিয়েছে। এমনকি দীর্ঘ খরা কাটিয়ে আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো আরেক স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা ছিলেন গার্দিওলারই সাবেক সহকারী।

লিভারপুলের কোচ আর্নে স্লট জানিয়েছেন, গার্দিওলার অধীনে থাকা বার্সেলোনার সেই বিখ্যাত দলের খেলা দেখেই তিনি নিজের কোচিং দর্শন গড়ে তুলেছেন। অন্যদিকে, চেলসির নতুন কোচ জাবি আলোনসো তার খেলোয়াড়ি জীবনের শেষদিকে গার্দিওলার অধীনে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতেই বায়ার্নে যোগ দিয়েছিলেন।